• facebook
  • twitter
Saturday, 7 March, 2026

সেবাশ্রয় শিবিরে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও ক্যানসার শনাক্তকরণ, ভিড় সাধারণ মানুষের

এই শিবিরের আয়োজন করেছেন কলকাতা পুরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ড. কাকলি সেন

কলকাতা শহরে শুরু হয়েছে বিশেষ স্বাস্থ্যসেবা শিবির ‘সেবাশ্রয়’, যেখানে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও নানা ধরনের স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।তিন দিনব্যাপী এই শিবির বসেছে দমদম এলাকার সেভেন ট্যাঙ্ক লেনে, যা কলকাতা পুরসভার দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত। শুক্রবার থেকে শুরু হওয়া এই উদ্যোগে প্রথম দিনেই বহু মানুষ চিকিৎসা পরিষেবা নিতে ভিড় করেন।

এই শিবিরের আয়োজন করেছেন কলকাতা পুরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ড. কাকলি সেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার  সম্পাদক ড. শান্তনু সেন এবং সহকারী সম্পাদক ড. অনির্বাণ দলুই।শিবিরে এক ছাদের নিচে সাধারণ চিকিৎসা, অস্থিশল্য চিকিৎসা, পেটের রোগ, মানসিক স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত পরিষেবা দেওয়া হচ্ছে। এছাড়াও বিনামূল্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ইউএসজি, ইকো কার্ডিওগ্রাফি, স্পাইরোমেট্রি এবং বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা। শিবিরে আসা রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে।

Advertisement

এছাড়া চোখ পরীক্ষা করার ব্যবস্থাও রাখা হয়েছে।কারও দৃষ্টিসংক্রান্ত সমস্যা ধরা পড়লে  প্রয়োজন অনুযায়ী চশমাও দেওয়া হচ্ছে বিনামূল্যে। এই শিবিরে শহরের একাধিক বড় বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরাও স্বেচ্ছায় রোগী দেখছেন। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের একটি চলমান চিকিৎসা-বাস। এই বাসে স্তন ক্যান্সার ও  জরায়ুমুখের কর্কটরোগ শনাক্তকরণের বিশেষ পরীক্ষা করা হচ্ছে।

Advertisement

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এই উদ্যোগের মূল ভাবনা এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা থেকে সাধারণ মানুষের  কাছে বিনামূল্যে উন্নত চিকিৎসা পৌঁছে দিতে এই কর্মসূচি শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন শিবির আয়োজনের দাবি জানিয়েছেন।

Advertisement