বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশে আবারও বড়সড় রদবদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ও কাঁথির দুই এসডিপিও-কে সরিয়ে নতুন আধিকারিক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এই জেলাটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ায় সিদ্ধান্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নির্বাচন কমিশন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালকে চিঠি দিয়ে দ্রুত এই বদল কার্যকর করার নির্দেশ দিয়েছে। নির্দেশ অনুযায়ী, কাঁথির নতুন এসডিপিও হিসেবে দায়িত্ব নিচ্ছেন অতনু ঘোষাল, যিনি এতদিন রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে, হলদিয়ার নতুন এসডিপিও হিসেবে নিয়োগ করা হয়েছে ২০২৩ ব্যাচের আইপিএস অফিসার অলোক কুমারকে।
Advertisement
এর আগেও কমিশন একাধিক পুলিশ আধিকারিককে বদলি করেছে। বেলডাঙার এসডিপিও উত্তম গড়াইকে সরিয়ে তাঁর জায়গায় আনন্দজিৎ হোড়কে নিয়োগ করা হয়েছিল। চলতি দফায় আরও দুই এসডিপিও-র বদলি সেই ধারাবাহিকতারই অংশ।
Advertisement
এই নির্দেশিকার কপি রাজ্যের মুখ্যসচিব ছাড়াও পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, স্বরাষ্ট্রসচিব এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে। কমিশন জানিয়েছে, রবিবার বিকেল ৫টার মধ্যেই নবনিযুক্ত আধিকারিকদের নিজ নিজ দায়িত্ব গ্রহণ করতে হবে।
উল্লেখযোগ্যভাবে, পূর্ব মেদিনীপুরে আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার ঠিক কয়েকদিন আগে এই রদবদলকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নির্বাচন ঘোষণার পর থেকেই কমিশন রাজ্যে প্রশাসনিক স্তরে একাধিক বদলি করে চলেছে, যাতে ভোট প্রক্রিয়া নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
Advertisement



