• facebook
  • twitter
Wednesday, 22 April, 2026

অতিরিক্ত ভোটার তালিকায় নাম না থাকায় দুশ্চিন্তায় মৃত্যু কোচবিহারের বৃদ্ধের

কোচবিহারের চকচকা এলাকায় ভোটার তালিকা নিয়ে উদ্বেগের জেরে এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে

প্রতীকী চিত্র

কোচবিহারের চকচকা এলাকায় ভোটার তালিকা নিয়ে উদ্বেগের জেরে এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সুভাষ রায়। জানা গিয়েছে, তাঁর এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্যের নাম চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন অবস্থায় ছিল। পরিবার সূত্রে খবর, তাঁরা আশা করেছিলেন সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠে যাবে। কিন্তু প্রথম ও দ্বিতীয় তালিকায় নাম না থাকায় দুশ্চিন্তা বাড়তে থাকে। শনিবার তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলে দেখা যায়, সুভাষবাবু ও তাঁর পরিবারের সদস্যদের নাম তাতেও নেই। এই ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে অভিযোগ।

শনিবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। তিনি অভিযোগ করেন, মৃতের দুই ছেলের নাম তালিকা থেকে বাদ পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারে, যার জেরেই এই মর্মান্তিক ঘটনা। অন্যদিকে বিজেপির তরফে দাবি করা হয়েছে, এটি সম্পূর্ণরূপে স্বাভাবিক মৃত্যু এবং এর সঙ্গে ভোটার তালিকার কোনও সম্পর্ক নেই।

Advertisement

Advertisement

Advertisement