• facebook
  • twitter
  • youtube
Tuesday, 23 June, 2026

নিট প্রশ্নফাঁস কাণ্ডে রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

নিটের প্রশ্ন ফাঁস নিয়ে প্রথম থেকেই সরব কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার  রাহুলের বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

পরপর দু’বছর ফাঁস হয়েছে নিটের প্রশ্নপত্র। হাজারো সুরক্ষা ব্যবস্থা নেওয়ার পরেও প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। নিটের প্রশ্ন ফাঁস নিয়ে প্রথম থেকেই সরব কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার  রাহুলের বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ধর্মেন্দ্রর অভিযোগ, কংগ্রেস নেতা তাঁর ব্যক্তিগত স্বার্থে ছাত্রছাত্রীদের বিপথে চালিত করছেন। পড়ুয়া ও অভিবাবকদের মধ্যে এক ধরনের উদ্বেগ ও অস্থিরতা তৈরি করছেন।

উল্লেখ্য, গত সপ্তাহে রাজস্থানের কোটায় পড়ুয়াদের মুখোমুখি হয়েছিলেন রাহুল। সেখানে নিট প্রশ্নফাঁস নিয়ে তিনি কেন্দ্রের মোদী সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছিলেন। রাহুল অভিযোগ করেন, এই পরীক্ষা ব্যবস্থা কারচুপিতে ভরা। দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থার কারণে লাখ লাখ পড়ুয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকী, এই ঘটনায় দায় মেনে নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তুলেছিলেন কংগ্রেস নেতা। তার প্রেক্ষিতেই মঙ্গলবার মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র। তিনি বলেন, ‘বিরোধীরা প্রশ্ন তুলতেই পারে। বিরোধীদের প্রশ্ন করার সব ধরনের অধিকার রয়েছে। কিন্তু রাহুল গান্ধী এবং তাঁর দল নিম্ন রুচির রাজনীতি করছেন। সে কারণেই পরীক্ষার মাত্র তিন দিন আগে ছাত্রছাত্রীদের ভয় দেখাতে, তাঁদের প্রস্তুতি ব্যাহত করতেই রাহুল কোটায় ওই কর্মসূচি করেন। আসলে রাহুল চেয়েছিলেন দ্বিতীয়বারের পরীক্ষাটিও বানচাল হোক।’

শিক্ষামন্ত্রীর অভিযোগ, পড়ুয়াদের আত্মহত্যার ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। এ ধরনের ঘটনার দায়ভার মেনে নিয়ে ধর্মেন্দ্র বলেন, ‘কংগ্রেস শিক্ষার্থীদের মৃত্যু নিয়েও রাজনীতি করছে। এটা অত্যন্ত নিন্দনীয়।’  মন্ত্রীর অভিযোগ, দায়িত্বশীল বিরোধী দল কোনও সমাধান সূত্র দিতেই পারে। কিন্তু রাহুল গান্ধী বা কংগ্রেসের কাছ থেকে সরকার কখনও কোনও বিষয়ে একটিও গঠনমূলক পরামর্শ পায়নি। বিরোধী দল হিসেবে কংগ্রেস নিজেদের  দায়িত্ব পালন না করে কেবল কটূক্তি ও অভিযোগের রাজনীতি করে চলছে।