পুজোর মাসে রেশনে বিশেষ ছাড় দেবে সরকার। রেশনে রান্নার প্রয়োজনীয় সামগ্রীগুলি পাওয়া যাবে অর্ধেক দামে। শনিবার নবান্ন থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি বছরে দুর্গাপুজোয় ময়দা, চিনি ও সুজি অর্ধেক মূল্যে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুভেন্দু অধিকারী তৎকালীন সরকারের প্রসঙ্গ টেনে জানান, আগের সরকার ৫০ লক্ষ পরিবারকে ২০ শতাংশ ভর্তুকিতে ১ কেজি চিনি দিত। তিনি বলেন, ‘আমরা ২ কোটি পরিবারকে দেব। ৮ কোটির বেশি জনগণ উপকৃত হবেন। ময়দা আর চিনির ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। চিনি, সুজিতে ৫০ শতাংশ ভর্তুকি দেবে রাজ্য।’
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর চার দিন ১ কেজি ময়দা ১৯ টাকায় পাওয়া যাবে। বাকি ১৯ টাকা ভর্তুকি দেবে সরকার। ১ কেজি চিনি পাওয়া যাবে ৩০ টাকায়। সুজিও ৫০০ গ্রাম দেওয়া হবে। এর জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে খাদ্য দপ্তর।
এর আগে শুক্রবার এই নিয়ে ঘোষণা করেছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সেদিন বনগাঁয় সাংবাদিক বৈঠক থেকে পুজো স্পেশাল রেশন প্যাকেজ সম্পর্কে ঘোষণা করেছিলেন। তিনি দাবি করেছিলেন, তৃণমূলের আমলে দুই ক্যাটিগরির রেশন কার্ড হোল্ডারদের পুজো প্যাকেজ দেওয়া হত। সেটা দেওয়া হত ১০ শতাংশ কম দামে। কিন্তু এ বছর রাজ্য সরকার পাঁচ শ্রেণির কার্ড হোল্ডারদের এই সুবিধা দেবে।
আরও পড়ুন: আদালতের নির্দেশের ৮ বছর পরও অধরা প্রাপ্য, ‘ফ্রিজ’ ডিআই-হেডমাস্টারের বেতন
অশোক কীর্তনিয়া জানিয়েছিলেন, তৎকালীন সরকার এএওয়াই (AAY) ও এসপিএইচএইচ (SPHH)-এই দুই ধরনের কার্ডের উপভোক্তাদের ১০ শতাংশ ছাড়ে খাদ্যসামগ্রী দিত। বর্তমানে ৫০ শতাংশ ছাড়ে বাংলার মানুষকে খাদ্যসামগ্রী বণ্টন করা হচ্ছে৷ তিনি জানিয়েছেন, ৭৮ লক্ষ পরিবার এই সুবিধা পাবেন। কোনও ভেদাভেদ না করে পাঁচ শ্রেণির রেশন কার্ড হোল্ডার ২ কোটি ১২ লক্ষ পরিবারকে এই প্যাকেজ দেওয়া হবে।




