পূর্বস্থলীর শ্রীরামপুর ফকিরতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার তাঁতঘরে ঢুকে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল। বুধবার ভোরের এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১০টি তাঁত যন্ত্র। ভেঙে গিয়েছে কারখানার একাংশও। তবে দুর্ঘটনার সময় কারখানায় কোনও শ্রমিক না থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে বিদ্যানগর থেকে এসটিকেকে রোড ধরে হেমায়েতপুরের দিকে যাচ্ছিল ডাম্পারটি। শ্রীরামপুর ফকিরতলা এলাকায় এসে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি তাঁতঘরে সজোরে ধাক্কা মারে সেটি। বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান, চালকের ঘুম পেয়ে যাওয়ায় বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে। যদিও ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনায় তাঁতঘরের অন্তত ১০টি তাঁত যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানার একটি অংশও ভেঙে পড়ে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে।




