• facebook
  • twitter
  • youtube
Thursday, 2 July, 2026

ভবানীপুরে গণনা নিয়ে মমতার অভিযোগ খারিজ জেলা নির্বাচন আধিকারিকের

নির্বাচন প্রক্রিয়া ‘স্বচ্ছ ও নিয়মমাফিক’, রিপোর্ট

ভবানীপুরে গণনা নিয়ে মমতার অভিযোগ খারিজ জেলা নির্বাচন আধিকারিকের

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা ঘিরে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করল দক্ষিণ কলকাতার জেলা নির্বাচন আধিকারিকের দপ্তর। সরকারি রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, গোটা গণনা প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই ‘স্বচ্ছ, নিরপেক্ষ ও নিয়মমাফিক’ভাবে সম্পন্ন হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ১৫৯ নম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আজ সাংবাদিক বৈঠকে যে অভিযোগ তুলেছেন, তা ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’। দপ্তরের দাবি, গণনার সময় সমস্ত নির্ধারিত নিয়ম, আইন এবং বিধি কঠোরভাবে মেনে চলা হয়েছে এবং কোথাও কোনও ধরনের গাফিলতি হয়নি।

গণনা কেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা নিয়েও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সিসিটিভি কখনও বন্ধ করা হয়নি এবং গোটা প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে নজরদারির আওতায় ছিল। তৃণমূল প্রার্থী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে ধাক্কাধাক্কির যে অভিযোগ তোলা হয়েছে, সেটিকেও ‘কল্পনাপ্রসূত’ বলে উল্লেখ করা হয়েছে।

তবে রিপোর্টে স্বীকার করা হয়েছে, এক সময় গণনা প্রক্রিয়া সাময়িকভাবে থামানো হয়েছিল। কারণ হিসেবে জানানো হয়েছে, প্রার্থীর পক্ষ থেকেই গণনা বন্ধ রাখার দাবি ওঠে। পরে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী তাঁকে অবহিত করে পুনরায় গণনা শুরু করা হয়।

এই রিপোর্ট সামনে আসার পর ভবানীপুর কেন্দ্রের গণনা নিয়ে তৈরি হওয়া বিতর্ক নতুন মোড় নিয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, অন্যদিকে প্রশাসনের স্পষ্ট খণ্ডন—এই দুইয়ের মাঝে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।