• facebook
  • twitter
Sunday, 22 February, 2026

বিজেপি ছেড়ে ফের তৃণমূলে দীপেন্দু বিশ্বাস

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে একই আসনে ফের তৃণমূলের টিকিট পেয়ে তিনি শমীককে হারিয়ে প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হন।

বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার ও বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস। রবিবার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এবং জেলা তৃণমূলের সভাপতি বুরহানুল মুকাদ্দিম (লিটন)।

দীপেন্দুর সঙ্গে কংগ্রেস, বিজেপি, সিপিএম ও আইএসএস থেকে মোট ২৮ জন নিচুতলার কর্মীও এদিন তৃণমূলে যোগ দেন। তবে সবচেয়ে আলোচিত প্রত্যাবর্তন দীপেন্দুরই, কারণ তিনি বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে বসিরহাট দক্ষিণ কেন্দ্রের উপনির্বাচনে প্রথমবার তৃণমূলের প্রার্থী হন দীপেন্দু। সে বার অল্প ব্যবধানে বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যর কাছে পরাজিত হন তিনি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে একই আসনে ফের তৃণমূলের টিকিট পেয়ে তিনি শমীককে হারিয়ে প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হন।

Advertisement

তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী বদল করে শাসকদল। দীপেন্দুর পরিবর্তে প্রার্থী করা হয় চক্ষু চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়কে। টিকিট না পেয়ে তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেন দীপেন্দু। সে বছর বিজেপির হয়ে প্রচারেও অংশ নেন তিনি। যদিও নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর ধীরে ধীরে পদ্ম শিবির থেকে নিজেকে সরিয়ে নেন।

Advertisement

Advertisement