প্রভাবশালী পুলিশকর্তা হিসেবে পরিচিত শান্তনু সিনহা বিশ্বাসকে ঘিরে রহস্য ক্রমশ বাড়ছে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদে থাকা এই আধিকারিক রবিবার থেকে কার্যত উধাও। ইডি তাঁর বালিগঞ্জের বাড়িতে দীর্ঘ তল্লাশি চালালেও, তাঁকে খুঁজে পায়নি বলেই দাবি তদন্তকারী সংস্থার।
রবিবার ভোরে শুরু হওয়া এই তল্লাশি গভীর রাত পর্যন্ত চলে। তবে ওই সময় শান্তনুকে দেখা যায়নি। যদিও তাঁর পুত্র সায়ন্তন বিশ্বাস দাবি করেন, তাঁর বাবা বাড়িতেই ছিলেন এবং স্বাভাবিক জিজ্ঞাসাবাদ চলছিল। পরিবারের আইনজীবী প্রসেনজিৎ নাগও সেখানে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ইডির বক্তব্য ভিন্ন—তাদের দাবি, তল্লাশির সময় শান্তনু উপস্থিত ছিলেন না। ফলে তিনি কোথায় ছিলেন, তা নিয়েই জল্পনা তৈরি হয়েছে।
Advertisement
সোমবার ইডি শান্তনু সিনহা বিশ্বাস ও তাঁর দুই পুত্র—সায়ন্তন এবং মনীশকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেয়। তদন্তকারী সংস্থার সন্দেহ, ‘সোনা পাপ্পু’ নামে পরিচিত বিশ্বজিৎ পোদ্দার এবং বেহালার ব্যবসায়ী জয় কামদারের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সেই সূত্রে সম্ভাব্য আর্থিক লেনদেন খতিয়ে দেখতেই এই তলব।
Advertisement
ইডির দাবি, শান্তনু বা তাঁর পরিবারের সঙ্গে জয়ের কোনও বেআইনি আর্থিক লেনদেন হয়েছে কিনা, তা জানতে চাইছে তারা। বিশেষ করে তাঁর দুই পুত্রের ব্যবসায়িক যোগাযোগের দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সোমবার দুপুর পর্যন্ত কেউই সিজিও কমপ্লেক্সে হাজির হননি। এর ফলে প্রশ্ন উঠছে—তাহলে কি তিনি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছেন, নাকি অন্য কোনও কারণ রয়েছে? এই অনুপস্থিতি ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
Advertisement



