• facebook
  • twitter
Sunday, 29 March, 2026

কংগ্রেসের ২৮৪ প্রার্থীর তালিকা প্রকাশ, ময়দানে অধীর-মৌসম

দিল্লির ২৪, আকবর রোডে কংগ্রেস দপ্তরে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে ২৯৪ আসন নিয়ে আলোচনা হয়। প্রায় ২৫০০ আবেদন জমা পড়েছিল বলে জানা গিয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। রবিবার সন্ধ্যায় ২৮৪ জনের নাম ঘোষণা করা হয়েছে। দিল্লিতে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে চূড়ান্ত হওয়া এই তালিকায় একাধিক পরিচিত মুখকে প্রার্থী করা হয়েছে। প্রার্থী হচ্ছেন অধীররঞ্জন চৌধুরী ও মৌসম বেনজির নুর।

রবিবার কংগ্রেসের ঘোষিত তালিকা অনুযায়ী, বহরমপুরে লড়ছেন অধীর রঞ্জন চৌধুরী, ভবানীপুরে প্রদীপ প্রসাদ, ডোমকলে শাহনাজ বেগম, জলঙ্গিতে আব্দুর রাজ্জাক এবং নওদায় মতিউর রহমানকে প্রার্থী করেছে দল। রানীনগরে জুলফিকার আলী, বালিগঞ্জে সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র এবং মালতীপুরে মৌসম বেনজির নুরকে টিকিট দেওয়া হয়েছে। করিমপুরে অভিনেতা সোহমের বিরুদ্ধে লড়বেন পূজা রায় চৌধুরী। মানিকতলা থেকে লড়বেন কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী।

Advertisement

শনিবার দিল্লির ২৪, আকবর রোডে কংগ্রেস দপ্তরে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে ২৯৪ আসন নিয়ে আলোচনা হয়। প্রায় ২৫০০ আবেদন জমা পড়েছিল বলে জানা গিয়েছে। সেখান থেকেই ২৮৪ জন প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে। তবে এখনও আটটি আসনে প্রার্থী ঘোষণা বাকি আছে।

Advertisement

উল্লেখ্য, প্রার্থী ঘোষণা দেরিতে হওয়ায় কিছুটা পিছিয়ে পড়েছিল কংগ্রেসের প্রচার অভিযান। তবে তালিকা প্রকাশের পর থেকেই নতুন উদ্যমে ময়দানে নামতে চলেছে হাত শিবির। প্রদেশ নেতৃত্ব আগেই জানিয়ে দিয়েছে, এ বার ২৯৪ আসনেই এককভাবে লড়বে দল। আগামী মাসে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর মতো শীর্ষ নেতারাও বাংলার প্রচারে নামবেন বলে সূত্রের খবর।

Advertisement