• facebook
  • twitter
  • youtube
Sunday, 9 August, 2026

‘সিংঘম’ অজয়ের সঙ্গে অসহযোগিতা ফলতায় জয়েন্ট বিডিও সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটের মাত্র ১২ ঘণ্টা আগে ফের প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন

‘সিংঘম’ অজয়ের সঙ্গে অসহযোগিতা ফলতায় জয়েন্ট বিডিও সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটের মাত্র ১২ ঘণ্টা আগে ফের প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন। ফলতা ব্লকের জয়েন্ট বিডিও সৌরভ হাজরাকে দায়িত্ব থেকে সরিয়ে পুরুলিয়ায় পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, উত্তরপ্রদেশ থেকে আসা পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার সঙ্গে অসহযোগিতা করেছেন তিনি। সৌরভ হাজরার বদলে তাঁর জায়গায় ফলতার জয়েন্ট বিডিও হিসেবে দায়িত্ব নিচ্ছেন রম্য ভট্টাচার্য।

ফলতা বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে কমিশন বিশেষ গুরুত্ব দিয়েছে। সেই কারণেই উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবে পরিচিত এই আইপিএস অফিসারকে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়। দায়িত্ব পেয়েই তিনি এলাকায় সক্রিয় হন, তবে তাঁর ভূমিকা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।

সম্প্রতি ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের এলাকায় গিয়ে সতর্কবার্তা দিতে দেখা যায় অজয় পাল শর্মাকে। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। মঙ্গলবার ফের ওই এলাকায় গেলে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ‘জয় বাংলা’ ও ‘গো ব্যাক’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা। কিছু সময়ের জন্য আটকে পড়ে কমিশনের একাধিক গাড়িও।

জাহাঙ্গির খানের অভিযোগ, পুলিশ পর্যবেক্ষক পক্ষপাতদুষ্টভাবে কাজ করছেন এবং বিজেপির প্রভাবেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। তাঁর বক্তব্য, ‘এইভাবে ভয় দেখিয়ে ভোট প্রভাবিত করা যাবে না। ফলতার মানুষ গণতান্ত্রিকভাবে জবাব দেবেন।’

এই পরিস্থিতির মধ্যেই জয়েন্ট বিডিওকে সরানোর সিদ্ধান্ত নেয় কমিশন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পর্যবেক্ষকের সঙ্গে সমন্বয়ের অভাবের কারণেই এই পদক্ষেপ। অন্যদিকে, এই ঘটনার পরও নির্বাচন কমিশন জানিয়েছে, পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার কাছ থেকে বাধ্যতামূলকভাবে রিপোর্ট চাওয়া হবে না। তবে তিনি নিজে চাইলে রিপোর্ট জমা দিতে পারেন। এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল জানিয়েছেন, কমিশন পুরো পরিস্থিতির উপর নজর রাখছে।