আগামী শুক্রবার থেকে জুলাই মাস পর্যন্ত বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল। তার ফলে ব্যাপক যানজট হবে বলে মনে করা হচ্ছে। এই উড়ালপুল ধরে সল্টলেকে প্রবেশ করা যায়। কিন্তু সেটা বন্ধ থাকলে যাতায়াতের ক্ষেত্রে বড় সমস্যা দেখা দেবে বলেই মনে করছেন অফিসযাত্রীরা। শুক্রবার রাত থেকে এই উড়ালপুল বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। সেটা আগামী সোমবার রাত পর্যন্ত বন্ধ থাকবে। তারপর জুলাই মাসে দুদফায় বন্ধ রাখা হবে এই চিংড়িঘাটা উড়ালপুল।
এই উড়ালপুল সারাদিন অত্যন্ত ব্যস্ত থাকে। সেটা যদি বন্ধ থাকে তাহলে নীচ দিয়ে যাতায়াত করতে হবে যানবাহনকে। তাতে অফিসটাইমে ব্যাপক যানজট তৈরি হবে বলেই মনে করা হচ্ছে। এই উড়ালপুল বন্ধ থাকার কারণ মেট্রো রেলের কাজ চলবে। আর তাই চলতি মাস এবং আগামী জুলাই মাসে দুই দফায় বন্ধ থাকবে চিংড়িহাটা উড়ালপুল। জুন মাসের আগামী শুক্রবার রাত ৮টা থেকে সোমবার রাত ৮টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল। আর জুলাই মাসের ৩ তারিখ রাত ৮টা থেকে ৬ তারিখ সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে এই উড়ালপুল।
এদিকে মেট্রোপলিটন থেকে সল্টলেকের দিকে এবং অপরদিকে সুকান্তনগর এই এলাকায় ব্যাপক যানজট হবে বলে ধরে নেওয়া হচ্ছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববাংলা সরণীর কাছে অরেঞ্জ লাইনে সুকান্তনগরের কাছে মেট্রোর কাজ করবে রেল বিকাশ নিগম লিমিটেড। সেখানে বিশ্ববাংলা সরণির উপর মেট্রো পিলারে ভারী গার্ডার বসানোর কাজ চলবে। কদিন আগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতা এসে মেট্রোর কাজ দেখে গিয়েছেন। তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকও করেন।
অন্যদিকে রেলমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠকে মেট্রোর কাজে গতি নিয়ে কথা হয়। তার পর থেকেই জোরকদমে কাজ শুরু হয়ে গিয়েছে। একাধিক রেল প্রকল্প পেয়েছে পশ্চিমবঙ্গ। তাই কাজও চলছে তীব্র গতিতে। চলতি মাসের শেষে এবং জুলাই মাসের শুরুর দিকে এই কাজ হবে। জুলাই মাসের মাঝে আবার কাজ হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট কোনও সূচি মেলেনি। আর এই কাজের জন্যই বন্ধ করা হবে চিংড়িহাটা উড়ালপুল। তখন উড়ালপুলে যান চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর যান চলাচল বন্ধ থাকার কারণেই যানজট সৃষ্টি হবে। এই পরিস্থিতিতে বিকল্প পথ কী হবে? জানতে চান নিত্যযাত্রীরা। পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ে চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহারকারী উত্তরমুখী সব ধরনের যানবাহনকে বেলেঘাটা মেন রোড এবং ইএম বাইপাস সংযোগস্থল থেকে ব্রডওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।




