হাওড়া শহরের অন্যতম ব্যস্ত বেলিলিয়াস রোডে শনিবার প্রশাসনের উদ্যোগে অবৈধ দখল রুখতে চলল বুলডোজার। যদিও এটি পূর্ণাঙ্গ উচ্ছেদ অভিযান নয়। যেসব দোকান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের অতিরিক্ত অংশ সরকারি রাস্তার উপর বেআইনিভাবে চলে এসেছিল, সেগুলি বুলডোজারের সাহায্যে ভেঙে সমান করে দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সরকারি জমি বা রাস্তার কোনও অংশ অবৈধভাবে দখল করে রাখা যাবে না। দীর্ঘদিন ধরে ফুটপাত ও রাস্তার অংশ দখল হয়ে হয়ে থাকায় যান চলাচলে সমস্যা হচ্ছিল। এদিনের অভিযানের ফলে রাস্তার পরিসর বৃদ্ধি পাবে এবং যানবাহন চলাচল আরও স্বাভাবিক ও নির্বিঘ্ন হবে বলে প্রশাসনের আশা।
হাওড়ার ফাঁসিতলার মোড় থেকে শুরু হয় এই অভিযান। এরপর ধাপে ধাপে বেলিলিয়াস রোডের বিভিন্ন অংশে বুলডোজার দিয়ে অভিযান চালায় প্রশাসন । অভিযানের সময় বহু ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দার মুখে অসন্তোষ দেখা গেলেও, প্রশাসনের কাজে বাধা সৃষ্টি করার মতো কোনও ঘটনা ঘটেনি। বরং অধিকাংশ ক্ষেত্রেই দোকানদার ও স্থানীয়রা সহযোগিতার করেন।
যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা এলাকায় ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছিল পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, কমব্যাট ফোর্স-সহ বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত থেকে পুরো অভিযান তদারকি করেন। প্রশাসনের দাবি, শহরের সৌন্দর্য বৃদ্ধি, রাস্তার দখলমুক্তকরণ এবং সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এই ধরনের অভিযান ভবিষ্যতেও প্রয়োজনে চালানো হবে।




