হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলি ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা মোড় সংলগ্ন ওটি রোডের ধারে ঝোপের ভিতর থেকে একটি বড় কালো ট্রলি ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগ খুলতেই সামনে আসে ভয়াবহ দৃশ্য। ভিতরে হাত-পা মোড়ানো অবস্থায় উদ্ধার হয় এক প্রৌঢ়ের মৃতদেহ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রাস্তার ধারে ঝোপের মধ্যে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ট্রলি ব্যাগটি। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা উলুবেড়িয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি খুলতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যাগের ভিতরে এক অজ্ঞাতপরিচয় প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়।
Advertisement
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। মাঝারি উচ্চতার ওই ব্যক্তির পরনে ছিল প্যান্ট ও শার্ট। মৃতদেহটি উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Advertisement
ঘটনাটি ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। খুন নাকি অন্য কোনও ঘটনা রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে মৃতদেহে দৃশ্যমান কোনও আঘাত বা ক্ষতের চিহ্ন মেলেনি। তদন্তকারীদের অনুমান, রাতের অন্ধকারে কেউ ওই ট্রলি ব্যাগটি সেখানে ফেলে রেখে গিয়েছে।
মৃত ব্যক্তি দীর্ঘদিন অসুস্থ ছিলেন না কি মৃত্যুর পর পরিবারের লোকজন দেহ গোপনে ফেলে গিয়েছে, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ। এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। রহস্যময় এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
Advertisement



