রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ধাপে ধাপে এগোচ্ছে। এবার শুরু হতে চলেছে পঞ্চম থেকে দশম দফার ইন্টারভিউ পর্ব। রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, আগামী ১০ মার্চ থেকে এই ধাপের ইন্টারভিউ শুরু হবে। মোট ১৩,৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে এই প্রক্রিয়া চলছে। নির্দিষ্ট সূচি অনুযায়ী বিভিন্ন জেলার প্রার্থীদের আলাদা আলাদা দিনে ইন্টারভিউ নেওয়া হবে।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, পঞ্চম দফায় নদিয়া জেলার প্রার্থীদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৩ মার্চ এবং ১৮ ও ১৯ মার্চ। এরপর ষষ্ঠ দফায় পুরুলিয়া জেলার প্রার্থীদের ডাকা হবে ২৩ থেকে ২৫ মার্চ এবং ২৭ থেকে ৩০ মার্চ পর্যন্ত। সপ্তম দফায় বাঁকুড়া জেলার প্রার্থীদের ইন্টারভিউ একাধিক ধাপে নেওয়া হবে। প্রথম ধাপ ৬ থেকে ১০ এপ্রিল, দ্বিতীয় ধাপ ১৬ ও ১৭ এপ্রিল এবং শেষ ধাপ ২১ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত চলবে।
Advertisement
অষ্টম দফায় আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ২৭ থেকে ৩০ এপ্রিল। নবম দফায় মালদহ ও পশ্চিম বর্ধমান জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে ৫ থেকে ৮ মে এবং ১২ থেকে ১৫ মে পর্যন্ত। সবশেষে দশম দফায় বীরভূম জেলার প্রার্থীদের ইন্টারভিউ নির্ধারিত হয়েছে ১৯ থেকে ২২ মে এবং ২৮ ও ২৯ মে।
Advertisement
উল্লেখ্য, এর আগেই নিয়োগ প্রক্রিয়ার তৃতীয় পর্যায়ে শিলিগুড়ি, হাওড়া ও উত্তর দিনাজপুর জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হয়েছে। পরে চতুর্থ পর্যায়ে কোচবিহার জেলার প্রার্থীদের ইন্টারভিউ ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়।
পর্ষদ জানিয়েছে, নির্ধারিত সূচি মেনেই ধাপে ধাপে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। সব পর্যায়ের ইন্টারভিউ শেষ হওয়ার পর মেধা তালিকা প্রকাশ এবং নিয়োগের পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে। উল্লেখ্য, ভোট ঘোষণা হলে সাধারণত আদর্শ আচরণবিধি কার্যকর হয় এবং নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকে। তবে শিক্ষা দপ্তরের একাংশের মতে, যেহেতু এই প্রক্রিয়া আগেই শুরু হয়েছে, তাই ইন্টারভিউ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সমস্যা হওয়ার কথা নয়।
Advertisement



