হুমায়ুন কবীরের সঙ্গে বিজেপির আঁতাত নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন নাকি গোপনে বিজেপির হয়ে কাজ করছেন এবং আর্থিক প্রলোভনের মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও সেই অভিযোগকে নতুন করে উসকে দিয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান।
তৃণমূলের অভিযোগ, হুমায়ুন কবীর বিজেপির কাছে থেকে মুসলিম ভোটারদের প্রভাবিত করার জন্য বড় অঙ্কের টাকা চেয়েছেন। একটি ভিডিওতে হুমায়ুন কবীরকে বলতে শোনা গিয়েছে, তিনি বিজেপির কাছ থেকে হাজার কোটি টাকা চাইছেন এবং এর মধ্যে তিনশো কোটি টাকা অগ্রিম চেয়েছেন। বাবরি মসজিদের ভাবাবেগকে মুসলিম ভোট পেতে কাজে লাগাতে চেয়েছিলেন বলে অভিযোগ।
Advertisement
ভিডিওতে হুমায়ুন আরও জানান, পিএমও-র সঙ্গে কথা বলে প্রথমে আসামের, পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। তৃণমূলের দাবি, এই ঘটনার তদন্ত হওয়া দরকার। তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, কারা পিএমও থেকে হুমায়ুনের সঙ্গে যোগাযোগ রেখেছে, হিমন্ত ও মোহন যাদবের ভূমিকা কী এবং বিহারে টাকা রাখার পদ্ধতি কেমন ছিল। তৃণমূল অভিযোগ করেছে, হুমায়ুন বর্তমানে হেলিকপ্টার চালিয়ে বেড়ানোও একটি বড় স্ক্যাম এবং এর তদন্ত হওয়া উচিত।
Advertisement
ভিডিও প্রকাশ্যে আসার পর তৃণমূল নেতৃত্ব রীতিমতো চড়া সুরে হুমায়ুনকে আক্রমণ করেছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘টাকার বিনিময়ে মুসলমানদের আবেগের সঙ্গে খেলাটা অন্যায় ও পাপ। ওই কুলাঙ্গার, কীট হুমায়ুনকে একটিও ভোট দেওয়া উচিত নয়।‘ ফিরহাদের প্রশ্ন, ‘বাংলার মুসলমানরা কি এতটাই বোকা? আমাদের ইমান আপনি টাকার জন্য বিক্রি করে দিতে পারেন না। এটা পাপ, পাপ, পান। ওই কীটকে একটিও ভোট নয়।‘
ওই ভিডিও প্রকাশ্যে আসতেই ফিরহাদ হাকিমেক পাশাপাশি কুণাল ঘোষ, অরূপ বিশ্বাসরাও একযোগে হুমায়ুনের বিরুদ্ধে সরব হয়েছেন। বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষও প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীর দপ্তরের কোন কর্মকর্তারা এবং কোন মুখ্যমন্ত্রী এতে যুক্ত, তা তদন্ত করা প্রয়োজন।
হুমায়ুন অবশ্য দাবি করেছেন, ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়ো। তিনি অভিযোগ করেছেন, ‘ইজরায়েল থেকে মেশিন এনে আমার ফোন ট্যাপ করছে, হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করছে।‘ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভিডিও প্রমাণ করতে পারলে তিনি সব প্রার্থীদের নিয়ে বসে যাবেন, নাহলে দু’হাজার কোটি টাকার মানহানির মামলা করবেন।
Advertisement



