• facebook
  • twitter
  • youtube
Monday, 21 September, 2026

নন্দীগ্রামে উপনির্বাচনে দেড় লক্ষের টার্গেট বাঁধলেন হাসিরানি, প্রচারে তুললেন ঝড়

অন্যদিকে নন্দীগ্রামে তৃণমূলের তেমন সংগঠন নেই। তার উপর দুটি তৃণমূল ভাগ হয়ে গিয়েছে। ঋতব্রত শিবির এখানে প্রার্থী দিয়েছে

নন্দীগ্রামে উপনির্বাচনে দেড় লক্ষের টার্গেট বাঁধলেন হাসিরানি, প্রচারে তুললেন ঝড়

Hasirani Rath Campaign Photo-SNS

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। মুখ্যমন্ত্রীর জেতা আসনে বিজেপির প্রার্থী এবার হাসিরানি রথ। তাঁর ছেলে চন্দ্রনাথ রথ ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক। যিনি খুন হয়েছেন। তাই এবার নিজের ছেড়ে দেওয়া কেন্দ্রে নিহত আপ্ত-সহায়কের মাকে প্রার্থী করেছেন শুভেন্দু অধিকারী। এখানে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি এখন জেলে। পুরনো মামলায় তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে। বামেরা যাঁকে প্রার্থী করেছে তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেই পরাজিত হয়েছিলেন। এই বিরোধীদের ভাঙা হাটে হাসিরানিই রয়েছেন অ্যাডভান্টেজে। সোমবার সকাল থেকে হাসিরানি রথ নেমে পড়লেন প্রচারে।

এদিকে প্রচারে বেরিয়ে ঝড় তুললেন হাসিরানি রথ। মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেলেন। হারানো ছেলের কথা তুলে ধরলেন সকলের সামনে। বিধায়ক হয়ে মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন বলে কথা দিয়েছেন। এখন তাঁর লক্ষ্য ব্যাপক ব্যবধানে জয় পাওয়া। আর তাই প্রচারের ফাঁকে সংবাদমাধ্যমে হাসিরানি বলেন, ‘আমি এক সন্তানহারা মা। শহিদ জননী। উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পর আপনাদের বাড়ির বউমা, মা, বোন এবং আত্মীয় হয়ে গিয়েছি। ফলতায় পুষ্পা ঝুকেগা নেহি বলার পরেও সেখানে আমাদের জয়ের মার্জিন ছিল ১ লক্ষ নয় হাজার। নন্দীগ্রামে সেই মার্জিনকে দেড় লক্ষে নিয়ে যেতে হবে।’

অন্যদিকে নন্দীগ্রামে তৃণমূলের তেমন সংগঠন নেই। তার উপর দুটি তৃণমূল ভাগ হয়ে গিয়েছে। ঋতব্রত শিবির এখানে প্রার্থী দিয়েছে। সুতরাং বিরোধীদের এখন ছন্নছাড়া অবস্থা। এই প্রেক্ষাপটে সহানুভূতির ভোট যাবে হাসিরানি রথের দিকে বলেই মনে করছেন অনেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুন করার পিছনে রয়েছে ‘ভাইপো গ্যাং’। এই কথা বারবার বলেছেন মুখ্যমন্ত্রী-সহ বিজেপির বহু শীর্ষ নেতা। যদিও হত্যাকাণ্ডের তদন্তও চলছে। এদিন এই বিষয়েও হাসিরানি বলেন, ‘আমার ছেলে বায়ুসেনায় চাকরি করত। শুভেন্দুবাবুর আপ্তসহায়ক হিসেবে যুক্ত হয়েছিল। তাঁকে খুন করা হয়েছে। কারা খুন করেছে সেটা আপনারা বুঝতেই পারছেন। হলদিয়ায় মুখ্যমন্ত্রী তার ইঙ্গিত দিয়েছেন।’

তাছাড়া সকালে হাসিরানি প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের সতর্ক করেন। কোনও অবস্থাতেই ঢিলে দেওয়া যাবে না বলে জানান তিনি। তাই তো হাসিরানির বক্তব্য, ‘আপনারা কেউ আত্মতুষ্টিতে ভুগবেন না। ভাববেন না, বিরোধীরা নেই। মুখ্যমন্ত্রীর মুখ উজ্জ্বল করতে নন্দীগ্রামে মার্জিন বাড়াতেই হবে। আমি উপনির্বাচনের জয় নিয়ে চিন্তা করি না। আমাদের লড়াই মার্জিন বাড়ানোর।’ এদিন নন্দীগ্রাম-১ ব্লকের বাড়কাণ্ডপসরা বাজার এলাকায় জনসংযোগ সারেন হাসিরানি রথ। তারপরে বাসুলিচক মন্দিরে পুজো দিয়ে সেখানে প্রচার করেন। শ্রীপুর বাজার ও দুর্গাপুর বুথেও উপনির্বাচনের প্রচারে গিয়ে সাধারণ মানুষের মুখোমুখি হন তিনি।