• facebook
  • twitter
  • youtube
Friday, 3 July, 2026

রাজ্য পুলিশের শতাধিক ইনস্পেক্টর ও থানার আইসি বদলি, জারি নয়া নির্দেশ

একসঙ্গে ১০৮ জন ইনস্পেক্টর এবং বিভিন্ন থানার আইসিকে বদলির নির্দেশ জারি করা হয়েছে। সিআইডির একাধিক ইনস্পেক্টর পদেও রদবদল করা হয়েছে।

রাজ্য পুলিশের শতাধিক ইনস্পেক্টর ও থানার আইসি বদলি, জারি নয়া নির্দেশ

Photo Source- ANI

রাজ্য পুলিশের প্রশাসনিক রদবদলের ধারা বজায় রেখে ফের বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। এ বার একসঙ্গে ১০৮ জন ইনস্পেক্টর এবং বিভিন্ন থানার আইসিকে বদলির নির্দেশ জারি করা হয়েছে। একই সঙ্গে রাজ্য গোয়েন্দা বিভাগ সিআইডির একাধিক ইনস্পেক্টর পদেও রদবদল করা হয়েছে। তবে এই পর্যায়ে কলকাতা পুলিশের অধীনস্থ কোনও থানার আইসি বা ওসির দায়িত্বে পরিবর্তন আনা হয়নি।

স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় এই বদলির নির্দেশ কার্যকর করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ, পূর্ব বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ একাধিক জেলার থানায় নতুন ইনস্পেক্টর ও আইসি নিয়োগ করা হয়েছে। প্রশাসনের দাবি, পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক প্রয়োজনের কথা মাথায় রেখেই এই রদবদল করা হয়েছে।

এর আগে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আইজি, ডিআইজি, পুলিশ সুপার, ডিসি-সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এ বার থানা স্তরেও প্রশাসনিক পুনর্বিন্যাস করা হল। একই সঙ্গে সিআইডির তদন্তকারী আধিকারিকদের মধ্যেও দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক এবং প্রশাসনিক কর্তাকে বদলি করা হয়েছিল। নির্বাচন পর্ব শেষ হওয়ার পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ধাপে ধাপে প্রশাসনের বিভিন্ন স্তরে পুনর্গঠন শুরু হয়েছে। যদিও পুলিশ প্রশাসনের দাবি, সাম্প্রতিক এই বদলি সম্পূর্ণ রুটিন প্রশাসনিক প্রক্রিয়ার অংশ এবং এর সঙ্গে অন্য কোনও কারণ জড়িত নয়।

প্রশাসনিক মহলের মতে, নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মাধ্যমে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনপরিষেবা আরও কার্যকর করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।