• facebook
  • twitter
Wednesday, 11 February, 2026

কেন্দ্রের ‘বকেয়া’ ইস্যুতে জবাব এড়িয়ে পাল্টা আক্রমণে ভূপেন্দ্র যাদব

নিশানায় ডিএ ও প্রশাসনিক ব্যর্থতা

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যের প্রাপ্য দু’লক্ষ কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে— এই অভিযোগ বহুবার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই সুরে কেন্দ্রকে আক্রমণ করেছেন। তবে বুধবার কলকাতায় এসে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব সেই অভিযোগের সঠিক জবাব না দিয়ে উল্টে রাজ্য সরকারের দিকেই আঙুল তুলেছেন।

জানা গিয়েছে, মোদী সরকারের পরিবেশ ও বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় বাজেটের ব্যাখ্যা দিতে রাজ্যে আসেন। একইসঙ্গে তিনি আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বেও রয়েছেন। তিনি গত পাঁচ মাসে একাধিকবার রাজ্যে এসে সংগঠনের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। এদিনের কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের ‘বকেয়া’ অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জবাব এড়িয়ে যান।

Advertisement

মুখ্যমন্ত্রী যে অঙ্কের দাবি করছেন, তা নিয়েও মন্তব্য করতে চাননি ভূপেন্দ্র। পরিবর্তে তিনি অভিযোগ তোলেন, রাজ্য সরকারই নাকি নিজেদের কর্মীদের ন্যায্য প্রাপ্য দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। ডিএ মামলার প্রসঙ্গ টেনে তাঁর কটাক্ষ, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি নিজের সরকারি কর্মীদের বিরুদ্ধে মামলা লড়ছেন। দেশের সর্বত্র সপ্তম বেতন কমিশন চালু হয়েছে। আর এখানে প্রায় ২০ লক্ষ কর্মী ষষ্ঠ বেতন কমিশনের দাবিতে আন্দোলন করছেন।’

Advertisement

সাম্প্রতিক সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত রায়ের উল্লেখ করে ভূপেন্দ্র বলেন, আদালত স্পষ্ট জানিয়েছে— মহার্ঘ্য ভাতা কর্মীদের ন্যায্য প্রাপ্য, যা মূল্যবৃদ্ধির চাপ সামলাতে সাহায্য করে। তাঁর বক্তব্য, ‘এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কর্মচারীদের জন্যও যেতে পারতেন। কিন্তু উল্টে তাঁদের বিরুদ্ধেই আদালতে গিয়েছেন।’ মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘নিজের কর্মচারীদের বিরুদ্ধে মামলা করে হেরেছেন। এখন তাঁদের কাছে ক্ষমা চাওয়া উচিত।’

এদিকে এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, প্রশাসনিক চাপে রাজ্য সরকারি কর্মীদের মৃত্যু হচ্ছে। তাঁর এই অভিযোগও উড়িয়ে দিয়েছেন ভূপেন্দ্র যাদব। তাঁর দাবি, ‘এসআইআর নয়, ডিএ না-পাওয়ার হতাশাই বড় কারণ।’ পাশাপাশি, তিনি এসআইআর প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ করে তোলার অভিযোগও তোলেন রাজ্য সরকারের বিরুদ্ধে।

তিনটি বিষয়ে প্রশাসনিক ব্যর্থতা, জাতীয় নিরাপত্তায় আপস এবং অস্বচ্ছতা নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন ভূপেন্দ্র। ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি নিয়ে টানাপোড়েনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আদালত নির্দেশ দেওয়ার পরও রাজ্য নাকি প্রয়োজনীয় জমি দিচ্ছে না। তাঁর মন্তব্য, ‘জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপস করা হচ্ছে।’ কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে ভূপেন্দ্র যাদবের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

Advertisement