মাঝে আর একটা দিন। তারপরই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। আগামী ৬ অক্টোবর ভোট। সেখানে রবিবার প্রচারের শেষ দিন। আর সেই প্রচারের শেষ লগ্নে কেঁপে উঠল নন্দীগ্রামের মাটি। বোমাবাজির জেরে আতঙ্কিত হয়ে পড়লেন সাধারণ মানুষ। একটা সামান্য উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বোমাবাজির অভিযোগ উঠল। বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে। এমনকী উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমাও।
রবিবাসরীয় বারবেলায় নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে দুটি পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগেই বোমাবাজির জেরে কেঁপে উঠল জমি আন্দোলনের জেলার মাটি বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। শেষ ভোটপ্রচারে এদিন নন্দীগ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে মিছিল এবং জনসভা করার আগেই এমন ঘটনায় শিউরে উঠেছেন নন্দীগ্রামবাসী। তবে এমন বোমাবাজির ঘটনা প্রচারের আগে যথেষ্ট উদ্বেগের বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।
নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বড়নগর গ্রামে বোমাবাজির ঘটনা ঘটেছে। বেশি রাতে বিজেপির বুথ সভাপতি দীনবন্ধুর বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। এই ঘটনায় কেউ আহত হননি বা কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে ওই বুথ সভাপতির বাড়ির সামনে থেকে ৫-৬টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ভোটের আগে কে বা কারা এই বোমাবাজি করল সেটা এখনও জানা যায়নি। যদিও তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে। এই বিষয়ে বিজেপির বুথ সভাপতি দীনবন্ধু মিত্রের কোনও প্রতিক্রিয়া মেলেনি। রবিবার নন্দীগ্রাম ১ ব্লকের টেঙ্গুয়া থেকে থানা মোড় পর্যন্ত এবং নন্দীগ্রাম ২ ব্লকের রাজারামচক থেকে মিরের বাজার পর্যন্ত পদযাত্রার সূচি মুখ্যমন্ত্রীর।
এই বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেরই প্রশ্ন, প্রচারের শেষ দিনে যদি বোমাবাজি হয় তাহলে ভোটের দিন কী হবে? এই বোমাবাজির পর থেকে মহিলারা বাড়ি থেকে সেভাবে বের হচ্ছেন না। চায়ের দোকানে, পাড়ার মোড়ে কিছু জটলা করে বোমাবাজি নিয়ে আলোচনা হয়। তবে গত পাঁচমাসে নন্দীগ্রাম তথা রাজ্যে যে বিপুল কাজ শুভেন্দু অধিকারীর সরকার শুরু করেছে তা বিচার করেই মানুষ ভোট দেবেন বলে আশা করা হচ্ছে।




