• facebook
  • twitter
  • youtube
Wednesday, 22 July, 2026

শ্রাবণী মেলার তোরণ ভেঙে অবরুদ্ধ বৈদ্যবাটী-তারকেশ্বর রোড

ঘটনায় কেউ আহত না হলেও তোরণের বিশাল বাঁশের কাঠামো রাস্তার উপর পড়ে যাওয়ায় দিল্লি রোড সংলগ্ন ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়

শ্রাবণী মেলার তোরণ ভেঙে অবরুদ্ধ বৈদ্যবাটী-তারকেশ্বর রোড

Image: SNS

শ্রাবণী মেলা উপলক্ষে বৈদ্যবাটীর শাসমলপাড়ায় বৈদ্যবাটী-তারকেশ্বর রোডের উপর তৈরি করা আলোর তোরণ বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ আচমকাই ভেঙে পড়ে। ঘটনায় কেউ আহত না হলেও তোরণের বিশাল বাঁশের কাঠামো রাস্তার উপর পড়ে যাওয়ায় দিল্লি রোড সংলগ্ন ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভেঙে পড়া কাঠামো সরানোর কাজ শুরু করেন। দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এ বছর মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রাবণী মেলায় তারকেশ্বরমুখী কাঁধিয়াদের স্বাগত জানাতে একাধিক জায়গায় পুষ্পবৃষ্টির ব্যবস্থা করা হয়েছে। বিধায়ক সন্তু পানের উদ্যোগেও বৈদ্যবাটী-তারকেশ্বর রোডে আলোকসজ্জা, তোরণ এবং ভক্তদের অভ্যর্থনার বিশেষ আয়োজন করা হয়েছিল। সেই তোরণেরই একটি অংশ ভেঙে পড়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও প্রশাসনের দাবি, ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবু শ্রাবণী মেলাকে কেন্দ্র করে বিপুল ভিড়ের মধ্যে এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, সে জন্য তোরণ ও অস্থায়ী কাঠামোগুলির নিরাপত্তা আরও খতিয়ে দেখার দাবি উঠেছে।