কোচবিহারের দিনহাটায় সিপিএমের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ দিনহাটা-১ ব্লকের গোসানীমারি এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিএম। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
সিপিএমের কোচবিহার জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাসের অভিযোগ, গোসানীমারি এলাকার সুশীল বর্মণ ও বিশ্ব রায়ের নেতৃত্বে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার, টেবিল, আলমারি-সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে দলীয় পতাকা-সহ কার্যালয়ে থাকা বিভিন্ন সামগ্রী বাইরে এনে আগুন লাগিয়ে দেওয়া হয়।
ঘটনার তীব্র নিন্দা করে শুভ্রালোক দাস বলেন, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে আইনানুগ পদক্ষেপের দাবিও জানান তিনি। তাঁর হুঁশিয়ারি, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সিপিএম।
যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি। গোসানীমারি মণ্ডল কমিটির সদস্য প্রসেনজিৎ কর্মকার বলেন, ‘বিজেপি কখনও হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক ভাবে বিজেপিকে কালিমালিপ্ত করতেই এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে।’ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে এই ঘটনার জেরে এখনও পর্যন্ত কোনও গ্রেফতারের খবর মেলেনি।




