প্রথম দফার ভোট শেষ হতেই নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূল কংগ্রেস ও নির্বাচনী কৌশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিনি দাবি করেছেন, ভোটে হার অনিবার্য বুঝেই ভুয়ো পরিচয়ে কংগ্রেস প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং নানা প্রলোভন দেওয়া হচ্ছে।
একটি ভিডিও বার্তায় অধীরের অভিযোগ, মুর্শিদাবাদের যেসব কেন্দ্রে কংগ্রেসের জয়ের সম্ভাবনা বেশি, সেসব জায়গাতেই আইপ্যাকের লোকজন সক্রিয় হয়েছে। তাঁর দাবি, তারা নিজেদের প্রকৃত পরিচয় গোপন রেখে অন্য পরিচয়ে প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছে। অফার দেওয়া হচ্ছে। এমনকি সরাসরি প্রার্থীদের বাড়িতে গিয়ে ফোনের মাধ্যমে কথা বলানোর ব্যবস্থাও করা হচ্ছে, যেখানে নাকি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে বিভিন্ন প্রস্তাব দেওয়া হচ্ছে।
Advertisement
এই প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে অধীর চৌধুরী বলেছেন, গোটা প্রক্রিয়াটি তাঁর নির্দেশেই চলছে। কংগ্রেস কর্মীদের সতর্ক করে তিনি বলেছেন, এই ধরনের কোনও ব্যক্তি এলাকায় দেখা গেলে তাঁদের চিহ্নিত করে পুলিশে খবর দিতে হবে।
Advertisement
অধীরের আরও দাবি, প্রথম দফার ভোটের ফলাফলের ইঙ্গিত থেকেই তৃণমূলের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখন চাপে রয়েছে, তাই যেসব আসনে কংগ্রেস এগিয়ে থাকতে পারে, সেখানে পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল বহরমপুরে ভোটগ্রহণের গতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন অধীর, অভিযোগ করেছিলেন ইচ্ছাকৃতভাবে ভোট প্রক্রিয়া ধীর করা হচ্ছে। ভোট মিটতেই সেই অভিযোগ আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে এবার সরাসরি তৃণমূল ও আইপ্যাকের বিরুদ্ধে প্রলোভনের রাজনীতির অভিযোগ তুললেন তিনি।
Advertisement



