• facebook
  • twitter
  • youtube
Sunday, 12 July, 2026

কলকাতা থেকে গ্রেপ্তার বগটুই কাণ্ডের ফেরার অভিযুক্ত

২০২৪ সালের ৫ এপ্রিল রামপুরহাট আদালত রোহনকে ‘ঘোষিত অপরাধী’ ঘোষণা করে। মঙ্গলবার কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করা হল

কলকাতা থেকে গ্রেপ্তার বগটুই কাণ্ডের ফেরার অভিযুক্ত

বগটুই কাণ্ডে চার্জশিটে অন্যতম অভিযুক্ত রোহন শেখ ওরফে কিসমত শেখ গ্রেপ্তার। ঘটনার চার বছর পর কলকাতার মির্জা গালিব স্ট্রিট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করল সিবিআই। বগটুই গণহত্যা মামলায় এফআইআর দায়ের হওয়ার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল রোহন।
সিবিআইয়ের দেওয়া চার্জশিটে রোহন-সহ মোট ২৭ জন অভিযুক্তের নাম রয়েছে। তাকে না পেয়ে হুলিয়াও জারি করেছিল সিবিআই।
২০২৪ সালের ৫ এপ্রিল রামপুরহাট আদালত রোহনকে ‘ঘোষিত অপরাধী’ ঘোষণা করে। মঙ্গলবার কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করা হল।

২০২২ সালের ২১ মার্চ সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বোমার আঘাত এবং গুলি লেগে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখ। তার পর সেই রাতেই অশান্ত হয়ে ওঠে গোটা বগটুই গ্রাম। গ্রামের বাড়িতে বাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়। শিশু এবং মহিলা-সহ ১০ জনের মৃত্যু হয়। ঘটনার পর বীরভূমে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের সরকারের তরফে সাহায্য দেওয়া হয়। ঘটনাক্রমে বগটুই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। এর পর আদালতের নির্দেশে সংশিষ্ট ঘটনার তদন্ত শুরু করে সিবিআই।