• facebook
  • twitter
Wednesday, 29 April, 2026

অভিষেকের অফিসে লকেট-তাপসের ভাইরাল ছবি ঘিরে তরজা, অস্বীকার বিজেপির

সূত্রের দাবি, শুধু তাপস রায় বা লকেট চট্টোপাধ্যায়ই নন, আরও কয়েকজন বিজেপি প্রার্থীও অভিষেকের অফিসে গিয়েছিলেন

দ্বিতীয় দফার ভোটের আগে রাজনৈতিক উত্তেজনার আবহে নতুন করে বিতর্ক উসকে দিল কয়েকটি ভাইরাল ছবি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিগুলিতে দেখা যাচ্ছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে উপস্থিত হয়েছেন বিজেপি প্রার্থী তাপস রায় এবং নেত্রী লকেট চট্টোপাধ্যায়। যদিও এই ছবিগুলির সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান।

সূত্রের দাবি, শুধু তাপস রায় বা লকেট চট্টোপাধ্যায়ই নন, আরও কয়েকজন বিজেপি প্রার্থীও অভিষেকের অফিসে গিয়েছিলেন। এই দাবি সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তবে শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি।

Advertisement

অন্যদিকে, বিজেপি এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। দলের এক শীর্ষনেতার বক্তব্য, এটি শাসকদলের পরিকল্পিত চক্রান্ত। তাঁর দাবি, নির্বাচনে সম্ভাব্য পরাজয়ের আশঙ্কায় তৃণমূল মিথ্যা প্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, বাংলার মানুষ পরিবর্তন চাইছেন এবং রাজ্যে ‘পদ্মফুল ফোটার’ সম্ভাবনাই প্রবল।

Advertisement

এদিকে, বুধবার দ্বিতীয় দফায় রাজ্যের ৭টি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। ভোটকে কেন্দ্র করে যাতে কোনওরকম অশান্তি না হয়, সেজন্য নির্বাচন কমিশন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কলকাতা শহরকে মোট ৩৫১টি সেক্টরে ভাগ করা হয়েছে। ভোটের দিন অন্তত ১২ হাজার পুলিশকর্মী রাস্তায় মোতায়েন থাকবেন। পাশাপাশি প্রায় ২২ হাজার কেন্দ্রীয় বাহিনীও টহলদারিতে থাকবে। শুধু গাড়ি নয়, বাইক বাহিনীর মাধ্যমেও নজরদারি চালানো হবে।

Advertisement