• facebook
  • twitter
Saturday, 11 April, 2026

মেমারিতে আলুচাষিদের সমস্যা মেটাতে বড় আশ্বাস অভিষেকের

পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নির্বাচনের আগে আলুচাষিদের সমস্যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। শনিবার বাঁকুড়ার একটি সভা থেকে চাষিদের দুর্দশার প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে বিরোধীদের এই অভিযোগকে ‘মিথ্যা প্রচার’ বলে উড়িয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।   এদিনের মিছিলটি শুরু হয় মেমারি বিডিও অফিস মোড় সংলগ্ন এলাকা থেকে। এরপর বামুনপাড়া মোড় হয়ে মিছিলটি গিয়ে শেষ হয় মেমারি নতুন বাস স্ট্যান্ডের কাছে। এই মিছিলের পর আয়োজিত পথসভা থেকে তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তাঁর দাবি, যারা আজ আলুচাষিদের নানা প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের শাসিত রাজ্যেই কৃষকদের অবস্থা সবচেয়ে খারাপ।

Advertisement

তিনি অভিযোগ করেন, গত এক বছরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বহু কৃষকের মৃত্যু হয়েছে এবং কৃষি নীতির ব্যর্থতার দায় কেন্দ্র এড়াতে পারে না। একইসঙ্গে ইউরিয়া সারের দাম বৃদ্ধির বিষয়টিও তুলে ধরে কেন্দ্রের সমালোচনা করেন তিনি। গত এক বছরে ইউরিয়া সারের দাম একলাফে ৪০০ টাকা বাড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন অভিষেক। অভিষেক বলেন, ‘এক বছরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ১০ হাজারের বেশি কৃষক মারা গিয়েছেন। কালো কৃষি আইনের নামে ৭০০ জন কৃষক আত্মহত্যা করেছেন। সেই জবাব কে দেবে?’

Advertisement

চাষিদের পাশে থাকার বার্তা দিয়ে অভিষেক বলেন, আলুচাষিদের সবচেয়ে বড় সমস্যা হল কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হওয়া। তিনি আশ্বাস দেন, আগামী বছর থেকে কোনও চাষিকেই আর ‘অভাবী বিক্রি’ করতে হবে না। কীভাবে এই সমস্যার সমাধান করা হবে, তা তাঁর জানা আছে বলেও দাবি করেন তিনি। এমনকি প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে মানুষের সামনে মুখ দেখাবেন না বলেও জানান।

বর্ধমান কৃষিপ্রধান জেলা হওয়ায় এই এলাকায় চাষিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মহলের মতে, সেই কারণেই কৃষকদের স্বার্থরক্ষার বার্তা সামনে এনে জনসমর্থন পেতে চাইছে শাসক দল। উল্লেখ্য, মেমারি বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই তৃণমূলের দখলে রয়েছে। এবারের নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন রাসবিহারী হালদার। তাঁর বিরুদ্ধে লড়ছেন  বিজেপির মানব গুহ এবং সিপিএমের কৃশানু ভদ্র। ফলে কৃষক ইস্যু এই কেন্দ্রে নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

 

Advertisement