আন্তর্জাতিক স্তরে সংসদীয় যোগাযোগ জোরদার করতে ৬০-র বেশি দেশের সঙ্গে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে লোকসভা। এই উদ্যোগে গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে। জাতীয় রাজনীতিতে তাঁর সক্রিয় ভূমিকার পাশাপাশি এবার সংসদীয় স্তরে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রেও তাঁর উপস্থিতি তাৎপর্যপূর্ণ।
লোকসভার স্পিকার ওম বিড়লা-র উদ্যোগে গঠিত এই ফ্রেন্ডশিপ গ্রুপগুলির লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশের সংসদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করা। নীতি বিনিময়, গণতান্ত্রিক অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই এর উদ্দেশ্য। বাণিজ্য, প্রযুক্তি, সামাজিক নীতি, সংস্কৃতি ও বৈশ্বিক চ্যালেঞ্জের মতো নানা বিষয়ে আলোচনার মাধ্যমে সংসদ থেকে সংসদে সম্পর্ক আরও মজবুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
লোকসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে, প্রতিটি গোষ্ঠীতে গড়ে প্রায় ১১ জন সাংসদ থাকবেন। নির্দিষ্ট সময়ে প্রতিনিধি দল বিদেশ সফরে গিয়ে সংশ্লিষ্ট দেশের সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। দীর্ঘমেয়াদি সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্বে রাখা শুধুমাত্র সাংগঠনিক স্বীকৃতি নয়, বরং জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তাঁর রাজনৈতিক গ্রহণযোগ্যতারও ইঙ্গিত। সংসদীয় কূটনীতির নতুন অধ্যায়ে তাঁর অংশগ্রহণ তৃণমূলের উপস্থিতিকেও আরও দৃশ্যমান করে তুলবে বলেই মনে করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৬০-র বেশি দেশকে নিয়ে এই উদ্যোগ শুরু হলেও ভবিষ্যতে আরও দেশ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ভারতের বৈশ্বিক সংসদীয় যোগাযোগে এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে।
Advertisement