এবার খড়গপুর রেলশহরে চলল গুলি। আর এই শুটআউটের জেরে আহত হল এক নাবালক ছাত্র। বুধবার দুই বন্ধু স্কুটি করে টিফিন করতে যাচ্ছিল। তখন মাস্ক পরা অবস্থায় দুই যুবক এসে গুলি চালিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। পিছনে বসা নাবালকের বুকে গুলি লেগেছে বলে খবর সামনে এসেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনের বেলায় রাস্তায় স্কুলছাত্রকে লক্ষ্য করে বুকে গুলি করার ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়ে দ্বাদশ শ্রেণির ছাত্র। প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ওই ছাত্রকে কলকাতার হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়।
বুধবার প্রকাশ্য দিবালোকে খড়গপুর শহরে এমন ঘটনা ঘটায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন স্কুলছাত্রকে গুলি করা হল? নেপথ্য ঘটনা কী? পুরনো শত্রুতা থেকে শুটআউট? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। খড়গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় এদিন দুই বন্ধু একটি স্কুটি করে টিফিন করতে যাচ্ছিল। তখন দুই যুবক মুখে মাস্ক পরে আসে। তারাও একটি স্কুটিতে ছিল। এরপর দু’জনকে লক্ষ্য করে গুলি চালায় বলে স্থানীয় সূত্রে খবর। বেলা সাড়ে ১১টা নাগাদ খড়গপুর শহরের ২০ নম্বর ওয়ার্ডের রেল কলোনি এলাকায় স্থানীয় এক যুবকের সঙ্গে মোটরবাইকে করে যাচ্ছিল ওই স্কুলছাত্র।
পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ ওই যুবকের নাম অক্ষয় ঝা। সে দ্বাদশ শ্রেণির ছাত্র। স্কুটির পিছনে অক্ষয়ই বসেছিল। আহত নাবালককে খড়গপুর রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা করে কলকাতা স্থানান্তরিত করা হয়। গোটা খতিয়ে দেখছে খড়গপুর টাউন থানার পুলিশ। সাগর কুমার নামে এক যুবকের স্কুটিতে চড়ে যাচ্ছিল অক্ষয়। পিছনে বসেছিল সে। স্কুটি চালাচ্ছিল সাগর। ওল্ড সেটেলমেন্ট এলাকায় একটি দোকানে কিছু খাওয়ার জন্য স্কুটি থামিয়ে দু’জনে নেমেছিল। তখন অপর একটি মোটরবাইকে করে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।
তাছাড়া দুই রাউন্ড গুলি চালানো হয়। একটি গুলি অক্ষয়ের বুকে লাগে। তবে গুলির শব্দ পাওয়া যায়নি। তাহলে কি বন্দুকে সাইলেন্সর লাগানো ছিল? এই প্রশ্নও উঠেছে। এই ঘটনার পিছনে অনেকে ত্রিকোণ প্রেমের ঘটনা আছে বলে মনে করছেন। যদিও এই নিয়ে পুলিশ এখনও কিছু বলেনি। জানা গিয়েছে, সাগর কুমার জমি-বাড়ির দালালির সঙ্গে যুক্ত। সাগরের বন্ধু হিসেবেই পরিচিত অক্ষয়। সাগরকেই টার্গেট করা হয়েছিল। আর লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি অক্ষয়ের বুকে লাগে! এমন তথ্যও উড়িয়ে দিতে পারছে না পুলিশ। এই ঘটনার পর এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সাগরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, ‘দুটো গ্রুপ আছে ওখানে। তাদের মধ্যেই গুলি চালানোর ঘটনা ঘটেছে। ইতিমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে। পুলিশ এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।’




