• facebook
  • twitter
  • youtube
Friday, 28 August, 2026

হাই টেনশন লাইনের সংস্পর্শে এসে প্রাণ হারালেন এক রাজমিস্ত্রি, শাসনে প্রশাসনিক গাফিলতির অভিযোগ

জানা গিয়েছে মৃতের নাম সাইফুল ইসলাম। তিনি দাদার মোড় এলাকার ওই বহুতল নির্মাণের কাজে যুক্ত ছিলেন

হাই টেনশন লাইনের সংস্পর্শে এসে প্রাণ হারালেন এক রাজমিস্ত্রি, শাসনে প্রশাসনিক গাফিলতির অভিযোগ

Old Man Death Photo-Representative

উত্তর ২৪ পরগনার শাসন থানা এলাকার গোলাবাড়িতে সোমবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নির্মীয়মাণ একটি বহুতলের ছাদে কাজ করতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের হাইটেনশন বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক রাজমিস্ত্রির। জানা গিয়েছে মৃতের নাম সাইফুল ইসলাম। তিনি দাদার মোড় এলাকার ওই বহুতল নির্মাণের কাজে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে খবর, যে বাড়িটিতে কাজ চলছিল, সেটি একটি হাইভোল্টেজ বিদ্যুতের লাইনের ঠিক নিচ দিয়ে নির্মাণ করা হচ্ছিল। নিয়ম অনুযায়ী এমন এলাকায় কোনওভাবেই নির্মাণের অনুমতি দেওয়ার কথা নয়। কিন্তু অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রশাসনের অনুমতি ছাড়াই সেখানে অবৈধভাবে নির্মাণকাজ চলছিল। স্থানীয় বাসিন্দারা একাধিকবার বিষয়টি প্রশাসনের নজরে আনলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেই দাবি।

সোমবার সকালে প্রতিদিনের মতোই কাজ করতে ছাদে উঠেছিলেন সাইফুল ইসলাম।সেই সময় অসাবধানতাবশত বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে তিনি একটি হাই-টেনশন তারের সংস্পর্শে আসেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনার জন্য নির্মীয়মাণ বাড়ির মালিককে সরাসরি দায়ী করেছেন স্থানীয়রা।

তাঁদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি জানা সত্ত্বেও জোর করেই সাইফুলকে ছাদে কাজ করতে পাঠানো হয়েছিল। ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার ও প্রতিবেশীরা দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, প্রকৃত দোষীদের কঠোর শাস্তি এবং মৃতের পরিবারের জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

খবর পেয়ে শাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করতে গেলে তাদের বিক্ষোভের মুখে পড়তে হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গোটা ঘটনাটি  নতুন করে প্রশাসনিক নজরদারি ও নির্মাণ নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।