সোমবার সাত সকালেই বোমাতঙ্ক দিল্লিতে। বিস্ফোরণ ঘটিয়ে দিল্লিতে একের পর এক স্কুল ও সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি। ঘটনার জেরে প্রবল আতঙ্ক ছড়াল রাজধানী দিল্লিতে। সোমবার সকালে এক হুমকি ইমেলে দিল্লির ১০টি স্কুলে বোমা রয়েছে বলে জানানো হয়। সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ওই ইমেলের কথা জানতে পেরে সক্রিয় হয় পুলিশ। স্কুলগুলিতে দ্রুত শুরু হয় তল্লাশি অভিযান। তবে দীর্ঘ তল্লাশির পরেও সন্দেহজনক কিছুই মেলেনি।
সপ্তাহের প্রথম দিন সোমবার স্কুল খুলতেই হুমকি ইমেলগুলি চোখে পড়ে স্কুল কর্তৃপক্ষের। ওই ইমেলে লেখা ছিল, ‘দিল্লি খালিস্তান হয়ে যাবে। আফজল গুরুর স্মৃতিতে দিল্লিকে খালিস্তান বানাব। দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ হবে।’ এখানেই শেষ নয়, ওই ইমেলে আরও লেখা ছিল, ‘১৩ ফেব্রুয়ারি ১টা ১১ মিনিটে সংসদও ওড়ানো হবে।’ তলায় লেখা ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’।
Advertisement
স্কুল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই পুলিশ ও বোম্ব স্কোয়াডকে হুমকি ইমেলের কথা জানায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ ও বোম্ব স্কোয়াডের সদস্যরা স্কুলগুলিতে পৌঁছে যায়। ফাঁকা করে দেওয়া হয় স্কুল চত্বর। শুরু হয় তল্লাশি অভিযান। তবে শেষ পর্যন্ত সন্দেহজনক কিছুই মেলেনি। তবে কে বা কারা এই হুমকি ইমেল পাঠিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
Advertisement
দিল্লির যে সমস্ত স্কুলগুলিকে এদিন হুমকি দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, দিল্লি ক্যান্টনমেন্টের লোরেটো কনভেন্ট, কেমব্রিজ স্কুলের শ্রীনিবাসপুরী ও নিউ ফ্রেন্ডস কলোনি ক্যাম্পাস, রোহিনীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল ও বাল ভারতী স্কুল, নিউ রাজিন্দর নগরের মানবস্থলী স্কুল, সাদিক নগরের দ্য ইন্ডিয়ান স্কুল, রোহিনীর সিএম শ্রী-র মতো স্কুল ।
উল্লেখ্য, এর আগেও দিল্লির বিভিন্ন জায়গায় বোমা রাখার কথা বলে হুমকি দেওয়া হয়েছিল। ২০২৫-এ স্বাধীনতা দিবসের পর দিল্লির ৫০টিরও বেশি স্কুলে একসঙ্গে বোমা থাকার হুমকি ইমেল পাঠানো হয়েছিল। যদিও পরে সন্দেহজনক কিছুই মেলেনি। কিন্তু ২০২৫-এর নভেম্বরে লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ হওয়ায় এদিন বিষয়টি বাড়তি মাত্রা পায়।
Advertisement



