আসাম বিধানসভা নির্বাচনে এ রাজ্য থেকে বিপুল সংখ্যক বেসরকারি বাস, মিনিবাস এবং ছোট গাড়ি পাঠানো হচ্ছে। পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আসাম সরকারের অনুরোধের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসাম পরিবহন সচিব পশ্চিমবঙ্গের পরিবহন সচিব সৌমিত্র মোহনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় যানবাহনের বিষয়ে আলোচনা করেন। সেই আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয় পশ্চিমবঙ্গ থেকে বাস ও গাড়ি পাঠানোর।
আগামী ৯ এপ্রিল আসামে এক দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের আগে, ভোটগ্রহণের দিন এবং পরবর্তী সময়—এই তিনটি পর্যায়ে প্রশাসনিক কাজে বিপুল সংখ্যক যানবাহনের প্রয়োজন হয়। সেই চাহিদা মেটাতেই শনিবার থেকেই পশ্চিমবঙ্গ থেকে ধাপে ধাপে যান পাঠানো শুরু হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাসগুলি ৬ এপ্রিলের মধ্যে আসাম সীমান্তে পৌঁছে যাবে। ভোট শেষ হলে ১০ ও ১১ এপ্রিলের মধ্যে সেগুলি ফের রাজ্যে ফিরিয়ে আনা হবে।
Advertisement
সব মিলিয়ে প্রায় দেড় হাজার যানবাহন পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। এর মধ্যে কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে প্রায় ৩৫০টি বড় বাস এবং ১০০টি ছোট গাড়ি যাচ্ছে। যার অধিকাংশই মিনিবাস। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা থেকে সবচেয়ে বেশি সংখ্যক গাড়ি পাঠানো হচ্ছে—প্রায় ৯০০ থেকে ১১০০টি।
Advertisement
তবে এত বিপুল সংখ্যক যানবাহন বাইরে চলে যাওয়ায় কিছু এলাকায় যাত্রী পরিষেবায় সাময়িক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পরিবহন মহলের মতে, কলকাতা ও আশপাশের এলাকায় তেমন সমস্যা হবে না। কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জেলা, বিশেষ করে নদিয়ায় কিছুটা চাপ পড়তে পারে। একইভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও যাত্রী পরিষেবায় প্রভাব পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট উত্তরবঙ্গে হওয়ায়, সে সময় আসাম থেকেও কিছু যানবাহন ফেরত পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে।
Advertisement



