• facebook
  • twitter
  • youtube
Friday, 31 July, 2026

ট্র্যাক রক্ষণাবেক্ষণে বাতিল ৮ লোকাল, ভোগান্তির আশঙ্কা যাত্রীদের

রেল সূত্রে খবর, ১ আগস্ট হাওড়া থেকে ছাড়ার কথা থাকা ৩৭৮৪৯ ও ৩৬০৮৭ নম্বর লোকাল, বারুইপাড়া থেকে ৩২৪১৪, শিয়ালদহ থেকে ৩২৪১৩, মসাগ্রাম থেকে ৩৬০৮৮ এবং বর্ধমান থেকে ৩৬৮৬০ নম্বর ট্রেন বাতিল করা হয়েছে। ২ আগস্ট হাওড়া থেকে ৩৬৮১১ এবং বর্ধমান থেকে ৩৬৮১২ নম্বর লোকালও চলবে না

ট্র্যাক রক্ষণাবেক্ষণে বাতিল ৮ লোকাল, ভোগান্তির আশঙ্কা যাত্রীদের

Photo: File photo

সপ্তাহান্তে ফের ট্রেন যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১ আগস্ট রাত থেকে ২ আগস্ট ভোর পর্যন্ত হাওড়া ডিভিশনে মোট আটটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ডানকুনি স্টেশন এলাকায় ট্র্যাকের রক্ষণাবেক্ষণের জন্য ১ আগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ আগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে। সেই কারণেই একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল সূত্রে খবর, ১ আগস্ট হাওড়া থেকে ছাড়ার কথা থাকা ৩৭৮৪৯ ও ৩৬০৮৭ নম্বর লোকাল, বারুইপাড়া থেকে ৩২৪১৪, শিয়ালদহ থেকে ৩২৪১৩, মসাগ্রাম থেকে ৩৬০৮৮ এবং বর্ধমান থেকে ৩৬৮৬০ নম্বর ট্রেন বাতিল করা হয়েছে। ২ আগস্ট হাওড়া থেকে ৩৬৮১১ এবং বর্ধমান থেকে ৩৬৮১২ নম্বর লোকালও চলবে না।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তা ও ট্র্যাকের রক্ষণাবেক্ষণের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, কয়েক দিন আগেই নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য হাওড়া ডিভিশনে চার দিন রেল পরিষেবা ব্যাহত হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের ট্র্যাক সংস্কারের জন্য একাধিক লোকাল বাতিল করা হল।

এদিকে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে বিশেষ ট্রেন চলাচলের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। পূর্ব রেলের নতুন নির্দেশ অনুযায়ী, হাওড়া থেকে তারকেশ্বরগামী বিশেষ ট্রেনগুলি শুধুমাত্র বালি ও শেওড়াফুলি স্টেশনে থামবে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত মাঝের কোনও স্টেশনে এই ট্রেনগুলির স্টপেজ থাকবে না। তবে তারকেশ্বর থেকে হাওড়াগামী বা শেওড়াফুলিগামী ডাউন ট্রেনগুলি নির্ধারিত সব স্টেশনেই থামবে বলে জানিয়েছে রেল।