• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

জুনিয়ার চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান, ডেপুটেশন জমা দিয়ে ফিরতে হল হতাশ মুখে, বৃহত্তর আন্দোলনের পথে ডাক্তাররা?

সিবিআইয়ের উপর চাপ বাড়াতে ও তদন্তের গতি বৃদ্ধির দাবিতে জমায়েতের জন্য সিজিও কমপ্লেক্সেকে বেছে নেওয়া হয়

জুনিয়ার চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান, ডেপুটেশন জমা দিয়ে ফিরতে হল হতাশ মুখে, বৃহত্তর আন্দোলনের পথে ডাক্তাররা?

আরজি করে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য সহ গোটা দেশ৷ সেই ঘটনার প্রতিবাদে বুধবার আর জি করের আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা একটি মিছিল বার করেন৷ মিছিলে শামিল হন সিনিয়র চিকিৎসকরাও৷ বুধবার বেলা ১২টায় সিজিও কমপ্লেক্সের সামনে জমায়েত করেন আন্দোলনরত চিকিৎসকরা৷ সিবিআইয়ের উপর চাপ বাড়াতে ও তদন্তের গতি বৃদ্ধির দাবিতে জমায়েতের জন্য মূলত সিজিও কমপ্লেক্সেকেই বেছে নেন তাঁরা৷ সেখান থেকে স্বাস্থ্যভবনের দিকে ডেপুটেশন জমা দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে চলে তাঁদের মিছিল৷ চিকিৎসকদের অভিযোগ, আর জি করের সদ্য দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ হাসপাতালে আসছেন না৷ ফলে অধ্যক্ষের সঙ্গে তাঁরা দেখা করতে পারছেন না৷ স্বাস্থ্যভবন থেকে তিনি দায়িত্ব সামলাচ্ছেন৷

সন্দীপ ঘোষকে আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন৷ বদলে সেই পদে আনা হয় সুহৃতা পালকে৷ কিন্তু আরজি করের চিকিৎসকদের দাবি, নতুন অধ্যক্ষকের দেখা মেলে না মেডিক্যাল কলেজে৷ সেই অভিযোগের ভিত্তেতেই বুধবারের মিছিলে নামেন চিকিৎসকরা৷ হাতে ‘নিখোঁজ অধ্যক্ষ’ লেখা পোস্টার নিয়ে রাস্তায় নামতে দেখা যায় তাঁদের৷ একে অপরের হাত ধরে তাঁরা এগিয়ে চলেন স্বাস্থ্য ভবনের দিকে৷

এদিন কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয় স্বাস্থ্য ভবন চত্বর৷ স্বাস্থ্য ভবনের সামনেই ৩৫ সদ্যসের একটি প্রতিনিধি দল তৈরি করা হয়৷ ওই প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ভিতরে গিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েকের সঙ্গে দেখা করেন৷ প্রতিনিধি দল ভিতরে গেলেও, বাকি চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের বাইরেই অবস্থানে বসেন৷ দুপুর আড়াইটে থেকে সাডে় চারটে পর্যন্ত প্রায় দু’ঘণ্টা স্বাস্থ্য ভবনে বৈঠক করেন চিকিৎসকদের ওই প্রতিনিধি দল৷ তবে স্বাস্থ্য ভবন থেকে স্পষ্টতই হতাশ হয়ে ফিরত হল আন্দোলনকারীদের৷ চার দফা দাবিতে এদিন স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দিয়েছেন তাঁরা৷ সেই ডেপুটেশনে, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলি সংক্রান্ত নির্দেশ প্রত্যাহারের দাবি জানানো হয়৷ আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের সময় হাসপাতালের দায়িত্বে থাকা আধিকারিকদেরও অপসারণের দাবি জানানো হয়৷ পাশাপাশি, আর জি করে ভাঙচুরের ঘটনায়, সে দিন হাসপাতালের দায়িত্বে থাকা আধিকারিকদের অপসারণের দাবি তোলা হয়েছে৷ ১৪ আগস্ট আর জি করে ভাঙচুরের ঘটনার পর থেকে বর্তমান অধ্যক্ষ সুহৃতা পাল হাসপাতালে আসছেন না৷ তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না চিকিৎসকরা৷ সেই মর্মে তাঁরও অপসারণের দাবি উঠেছে ডেপুটেশনে৷

আন্দোলনকারীরা জানান, স্বাস্থ্য ভবনকে তাঁরা এক ঘণ্টা সময় দিয়েছিলেন৷ কিন্তু অধিকর্তারা মৌখিকভাবে বিষয়টা ভেবে দেখবেন বলে জানালেও কোনও আশ্বাস পাওয়া যায়নি তাঁদের তরফে৷ এর ফলে আন্দোলন জারি থাকবে বলেই জানিয়েছেন জুনিয়ার ডাক্তাররা৷ ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার কথা বাবা হচ্ছে৷