সর্ষের তেল ও চিনির লাগামছাড়া দাম বৃদ্ধি নিয়ে চিন্তায় আমজনতা। বাজারদরের ওঠানামা নিয়ন্ত্রণে শনিবার, ২৮ নভেম্বর কলকাতার বিভিন্ন বড় বাজার পরিদর্শন করলেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের আধিকারিকেরা। এদিন সকাল থেকেই শহরের প্রধান বাজারগুলিতে এই অভিযান চালানো হয়। সেই সঙ্গে দাম নিয়ন্ত্রণে রাজ্যের সমস্ত জেলাতেও শুরু হয়েছে বাজার পরিদর্শন ও নজরদারি।
দপ্তর সূত্রের খবর, গত ১০ দিনে সর্ষের তেলের দাম লিটার প্রতি ১৭০ টাকা থেকে বেড়ে ২২০ টাকায় পৌঁছেছে। অন্যদিকে, চিনির দাম কেজি প্রতি ৫৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৫ টাকা। নিত্যপ্রয়োজনীয় এই দুই পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগের মধ্যেই বাজারে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাধারণত অত্যাবশ্যকীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজারে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব খাদ্য ও সরবরাহ দপ্তর এবং পশ্চিমবঙ্গ পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। তবে রাজ্য সরকারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের উদ্যোগে সামিল হয়ে এবার সক্রিয় ভূমিকা নিচ্ছে কৃষি বিপণন দপ্তরও।
দপ্তরের অধীন ডিরেক্টরেট অফ এগ্রিকালচারাল মার্কেটিং মূলত বাজারদরের উপর নজরদারি ও তথ্য সংগ্রহের কাজ করে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পণ্যের দাম ও প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে তার তুলনামূলক চিত্র নিয়মিত রাজ্য সরকারকে জানানো হয়।
আরও পড়ুন: জুম্মাবারে ছুটি মিলবে না মাদ্রাসায়, কড়া নির্দেশিকা রাজ্য সরকারের
তবে এবার শুধু বাজারদরের তথ্য সংগ্রহেই সীমাবদ্ধ না থেকে সরাসরি বাজারে গিয়ে দাম যাচাই ও পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই শুরু হয়েছে এই বিশেষ পরিদর্শন অভিযান। কোন বাজারে কী দামে সর্ষের তেল ও চিনি বিক্রি হচ্ছে দামের অস্বাভাবিক ওঠানামার পিছনে কোনও অনিয়ম রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে এই অভিযান সংক্রান্ত আরও বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হবে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে।




