বিচারবোধ, আইনি প্রজ্ঞা এবং নিরপেক্ষ অনুসন্ধানের সাক্ষ্য রেখে চলে গেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। স্কুল নিয়োগ দুর্নীতি থেকে ভোটার তালিকা সংশোধন, অবসরের পরেও গুরুত্বপূর্ণ দায়িত্বে আস্থা অর্জন করেছিলেন প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ।
বিচারপতির আসনে বসে যেমন আইনের ব্যাখ্যায় রেখে গিয়েছেন স্বতন্ত্র ছাপ। তেমনই অবসরের পরেও বিচারব্যবস্থা ও সমাজের নানা গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের জীবনাবসান হল শুক্রবার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
১৯৫৫ সালের ৮ নভেম্বর জন্ম বিচারপতি বাগের। ১৯৮৩ সালের ১৮ নভেম্বর পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় পরিষেবায় যোগ দেন তিনি। দীর্ঘ বিচারবিভাগীয় কর্মজীবনে কলকাতার সিটি সেশনস কোর্টের প্রধান বিচারক হিসেবেও দায়িত্ব সামলেছেন। ২০১৩ সালের ১ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।
বিচারপতি হিসেবে ফৌজদারি আইন, কর্মক্ষেত্রে নারীর সুরক্ষা এবং সম্পত্তির অধিকার-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর পর্যবেক্ষণ ও রায় বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে রয়েছে। বিশেষ করে নারীর সম্মান ও কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নে তাঁর একটি পর্যবেক্ষণ আইনি মহলে আলোচিত হয়েছিল। তিনি জানিয়েছিলেন, রূপক বা দ্ব্যর্থক শব্দের আড়ালেও যদি যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়, তা যৌন হেনস্থার আওতায় পড়তে পারে।
ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ(১)(৪) ধারার ব্যাখ্যায় এই পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটি টেলিভিশন অনুষ্ঠানে এক মহিলাকে নিয়ে মন্তব্যের অভিযোগে অভিনেতা যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা খারিজের আবেদন ঘিরেই এই পর্যবেক্ষণ করেছিলেন তিনি।
বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পরেও থেমে থাকেনি তাঁর কর্মজীবন। ২০২২ সালে রাজ্যের বহুচর্চিত স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির তদন্তে গঠিত বিশেষ কমিটির নেতৃত্বে ছিলেন তিনি। চলতি বছরেও সুপ্রিম কোর্টের নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতিদের ট্রাইব্যুনালের সদস্য হিসেবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া তদারকির দায়িত্ব পান।
বিচারবিভাগীয় কাজের পাশাপাশি আইনচর্চা ও গবেষণাতেও ছিল তাঁর গভীর আগ্রহ। চিকিৎসায় গাফিলতি ও ক্ষতিপূরণ সংক্রান্ত আইন, ফৌজদারি আইনে সুপ্রিম কোর্টের রায় এবং উইল সংক্রান্ত আইন ও প্রয়োগ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বই লিখেছেন তিনি।
বিচারপতির পদ থেকে অবসর নেওয়া মানেই বিচার ও আইনের জগৎ থেকে সরে যাওয়া নয়। কর্মজীবনের পরবর্তী অধ্যায়ে তা যেন বারবার প্রমাণ করেছেন বিচারপতি রঞ্জিত কুমার বাগ। তাঁর প্রয়াণে বিচারবিভাগ হারাল এক অভিজ্ঞ আইনজ্ঞকে।




