নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাডেজাকে বাইরে রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট! এই সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন তোলা শুরু করে দিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। শুধু সিরাজ নয় রবীন্দ্র জাদেজাকে দলের বাইরে রাখা নিয়েও উঠছে প্রশ্ন। তার ওপর টেস্টের প্রথম দিন একটিও উইকেট তুলতে পারলেন না ভারতীয় দলের এক নম্বর পেসার জশপ্রীত বুমরা। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট মহলে ক্ষোভের চাপা আগুন জ্বলতে শুরু করে দিয়েছে।
সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাস্কর।বিশেষ করে ক্রাইস্টচার্চের উইকেটে জাদেজার মতো স্পিনারের প্রয়োজনীয়তা নিয়েও সরব তিনি। ওয়েলিংটনে প্রথম টেস্ট ড্র হওয়ার পর থেকেই সিরাজকে দলে না রাখা নিয়ে আলোচনা চলছিল। দ্বিতীয় টেস্টেও সেই সিদ্ধান্ত বদলায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
শুক্রবার ক্রাইস্টচার্চে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শুভমন গিল। প্রথম একাদশে একটিই পরিবর্তন করেন তিনি। প্রসিদ্ধ কৃষ্ণের জায়গায় টেস্ট অভিষেক হয় গুরনুর ব্রারের। কিন্তু সিরাজ ও জাদেজাকে দলে ফেরানো হয়নি।
প্রশ্ন জাদেজার বাদ পড়া নিয়েও
এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন গাভাস্কর। তাঁর মতে, সিরাজের বাদ পড়া নিয়ে যত আলোচনা হচ্ছে, ততটা গুরুত্ব পাচ্ছে না জাদেজার অনুপস্থিতি। টসে শুভমন দল ঘোষণার পর টিভিতে গাভাস্কর বলেন, ‘সিরাজের কথা হচ্ছে। কিন্তু জাদেজার কী হবে? এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ও ৩৩টি উইকেট নিয়ে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। আমার মনে হয়, চতুর্থ ও পঞ্চম দিনে ওর স্পিন খুব কাজে লাগতে পারত’।
প্রসঙ্গত প্রথম টেস্টের পর প্রায় একই কথা বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি বলেছিলেন, এই ধরনের উইকেটে টেস্ট খেলতে নামলে দলে একজন বিশেষজ্ঞ স্পিনার রাখা অবশ্যই উচিত।
আরও পড়ুন: ক্রাইস্টচার্চে ভারতের দাপট থামালেন ব্লান্ডেল-ফিলিপস, প্রথম দিন শেষে ২৪৬/৫ নিউজিল্যান্ড
জাদেজার বোলিংয়ের বিশেষত্ব বোঝাতে গিয়ে গাভাস্কর বলেন, ‘ও খুব বেশি বল লুপ করিয়ে বা উঁচুতে ভাসিয়ে বল করে না। কিন্তু সবচেয়ে নিষ্প্রাণ পিচেও বলকে গ্রিপ করাতে এবং ঘোরাতে পারে। তাই আমার মনে হয়, জাদেজার দুর্ভাগ্য যে ও এই দলে নেই’।
সিরাজের বাদ পড়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন গাভাস্কর। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন এই পেসার। বিদেশের মাটিতে তাঁর অভিজ্ঞতাও যথেষ্ট। এমন একজন বোলারকে এমন এক মরণ-বাঁচন টেস্টে দলে না রাখায় অবাক তিনি।
তিনি বলেন, ‘সিরাজ এই চক্রে ভারতের অন্যতম সেরা উইকেটশিকারি। তাকে ফের বাদ দেওয়া হল! দেখা যাক কী হয়’। ভারতের পারফরম্যাান্সের দিকে তাকিয়ে নিজেকে এই ব্যাপারে কিছুটা সংযত রাখলেন প্রাক্তন ভারত অধিনায়ক। টেস্টের শেষে ফল দেখার পর যা বলার বলবেন।
একগুঁয়ে গম্ভীরের কঠিন জেদের ফল?
দ্বিতীয় টেস্টে ভারতের একমাত্র পরিবর্তন ছিল প্রসিদ্ধ কৃষ্ণের পরিবর্তে গুরনূর ব্রারকে দলে নেওয়া। ২৬ বছরের পাঞ্জাবের পেসারের প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ ম্যাচে ৭১টি উইকেট রয়েছে। ক্রাইস্টচার্চে তাঁর টেস্ট অভিষেক হল এবং তিনি একটি উইকেটও পান।
প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ইনিংসে ২০টি উইকেট নিতে পারেনি ভারত। তবু প্রায় সেই বোলিং কম্বিনেশনেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। সিরাজ ও জাদেজা দু’জনেই টানা দ্বিতীয় টেস্টে বাইরে বসে থাকলেন, যাকে ক্রিকেটপ্রেমীদের অনেকে কোচ গৌতম গম্ভীরের ‘জেদের ফল’ বলেও আখ্যা দিচ্ছেন। বিশেষ করে পেস সহায়ক উইকেটে ভারতীয় বোলাররা সারা দিনে মাত্র পাঁচটির বেশি উইকেট না পাওয়ায় সমাজমাধ্যমে গম্ভীর-বিরোধি মন্তব্য করাও শুরু হয়ে গিয়েছে।
ভারতের এই দল নির্বাচন নিয়ে শুধু গাভাস্করই নন, প্রশ্ন তুলেছেন মহম্মদ কাইফও। তাঁর মতে, বিদেশের মাটিতে টেস্ট খেলতে গেলে জসপ্রীত বুমরার সঙ্গে সিরাজের নামও প্রথম একাদশে থাকা উচিত।
‘বিশ্বাস করা কঠিন যে সিরাজ দলে নেই’
কাইফ সমাজমাধ্যমে লিখেছেন, ‘বিশ্বাস করা কঠিন যে ভারতের অন্যতম সেরা পেসার মহম্মদ সিরাজকে আবার বাদ দেওয়া হয়েছে। বিদেশের মাটিতে ভারতের টেস্ট বোলিং আক্রমণে বুমরার সঙ্গে সিরাজের নামও প্রথম দিকেই থাকা উচিত। মজার বিষয়, বোলিং কোচ মর্নি মর্কেল নিজেই সিরাজকে বিশ্বমানের বোলার বলেছেন এবং জানিয়েছেন, ও ভাল বল করছে’।
অভিজ্ঞ ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও একই রকম হতাশা প্রকাশ করেছেন। ভোগলের মতে, ‘সিরাজ এখন ভারতের ষষ্ঠ সেরা পেসার। বিষয়টাকে আমার ভীষণ অন্যায্য মনে হচ্ছে। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের প্রথম পাঁচ জনের মধ্যে এখন ভারতীয় দলে জায়গা রয়েছে শুধু বুমরার। নির্বাচিত বোলাররা ভাল খেলুক, তাদের বল করার জন্য দুর্দান্ত পরিস্থিতি রয়েছে— এটাই চাইব। তবে তারা হুঝতে পারছে, সুযোগ এলেও তাদের খুব বেশি সময় দেওয়া হবে না’।
সিরাজকে দল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে আর এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মুরলী কার্তিক আরও বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘সিরাজ আবেগপ্রবণ মানুষ। স্বাভাবিক ভাবেই, বিষয়টা ওকে একটু হলেও কষ্ট দেবে। দেখুন, আমরা সব সময় এমন ক্রিকেটারদের সঙ্গেই খেলেছি। কিছু ক্রিকেটার আছে, যাদের দল থেকে বাদ পড়লে বিশেষ কিছু যায়-আসে না। কিন্তু কিছু ক্রিকেটার সত্যিই খেলতে চায়। তারা অন্য কোনও কিছুর পরোয়া করে না। পায়ে ব্যথা হোক, মাথায় ব্যথা হোক, শরীরের অন্য কোথাও যন্ত্রণা হোক, এমনকি কাঁপুনি হলেও তারা খেলতে চায়। তারা নিজেদের সবটুকু উজাড় করে দেয়। সিরাজকে দেখে মনে হয়, ও সেই ধরনেরই একজন বোলার’।
‘খেলাবেই না যখন, তখন দলে কেন?’
কার্তিক আরও বলেন, ‘আমি সত্যিই অবাক। কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হল, তা জানি না। যদি এমনটাই করতে চাও, তা হলে ওকে দলে রেখো না। যদি মনে করো, ওর ফর্ম ভাল নয়, নেটে ভাল বল করছে না, কিংবা ওকে নিয়ে তোমাদের অন্য কোনও ধারণা রয়েছে, তা হলে ওকে দলের সঙ্গে রেখো না। ওকে ছেড়ে দাও। তা হলে দলে রেখে লাভ কী?’
গত বছর ইংল্যান্ডে টেস্ট সফরে বুমরা না থাকায় সিরাজই ছিলেন দলের প্রধান পেসার। শেষ টেস্ট ম্যাচেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। তাঁর পারফরম্যান্সই ভারতীয় কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমন গিলের কেরিয়ার বাঁচিয়ে দেয়। গত বছর পাঁচটি টেস্টেই খেলেছেন সিরাজ। শেষ দিন পর্যন্ত প্রতিটি বলেই নিজের ১০০ শতাংশ উজাড় করে দিয়েছিলেন তিনি।
ইংল্যান্ডে সেই টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন তিনিই। ২-২-এ ড্র হওয়া সিরিজে পাঁচটি টেস্টে ২৩ উইকেট নেন সিরাজ। এজবাস্টনে প্রথম ইনিংসে ৭০ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে সিরিজে সমতা ফেরাতে সাহায্য করেছিলেন তিনি।
ওভালে পঞ্চম টেস্টে আরও এক অবিস্মরণীয় পারফরম্যান্স দেখান। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট (প্রথম ইনিংসে ৮৬ রানে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৫ উইকেট) তুলে নিয়েছিলেন তিনি।ওভাল টেস্টের শেষ দিনের সকালে ইংল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটিংয়ে ধস নামিয়ে ভারতের রুদ্ধশ্বাস ৬ রানের জয় নিশ্চিত করেছিলেন সিরাজ। এই পাফরম্যান্সের প্রতিদান যে তাঁকে এ ভাবে দেবেন গম্ভীর ও গিল, তা সিরাজ তো বটেই, কেউই বোধহয় ভাবতে পারেননি।
হতাশ করলেন জশপ্রীত বুমরাও
দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ভারতীয় বোলিংয়ের বেহাল অবস্থা ফের একবার ফুটে উঠল। সবচেয়ে খারাপ খবর হল, জশপ্রীত বুমরার নির্বিষ বোলিং। শুক্রবার হ্যাগলি ওভালে সারা দিনে পাঁচটি উইকেটের মধ্যে একটিও উইকেট পাননি বুমরা। তবে তিনি অনেক রান আটকেছেন। ভারতের অন্যান্য বোলাররা যেখানে প্রত্যেকেই প্রতি ওভারে গড়ে ২-৩, এমনকী চার রানও দিয়েছেন, সেখানে বুমরা তাঁর করা ১৯ ওভারে গড়ে ১.৯৪ করে রান দেন। এ ছাড়া কিউয়ে ব্যাটারদের শায়েস্তা করার মতো কিছু করতে পারেননি বুমরা।
যদিও আগামী চারদিনে অনেক কিছু হতে পারে, খেলা পুরো ঘুরেও যেতে পারে। কিন্তু ‘সকাল দেখেই সারা দিন কেম যাবে, তা বোঝা যায়’- এই প্রবাদ যদি সত্যি হয়, তা হলে বলতে হবে, এই টেস্টও ভারতের পক্ষে ভাল নাও যেতে পারে।
দেখুন:




