কলকাতা মেডিক্যাল কলেজে ১৭ নভেম্বরের অশান্তির ঘটনায় তদন্তের গতি বাড়াল পুলিশ। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তিন ইন্টার্নকে বউবাজার থানায় তলব করা হয়। প্রায় আধ ঘণ্টা ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। অন্যদিকে, কলেজে ভাঙচুর এবং ইন্টার্নদের উপর হামলার প্রতিবাদে এদিনই থানায় স্মারকলিপি জমা দেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের একটি দল। গোটা ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে চিকিৎসক মহলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৭ নভেম্বর রাতে মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে ঠিক কী ঘটেছিল, অশান্তির নেপথ্যে কী কারণ ছিল এবং ওই রাতে কারা কারা সেখানে উপস্থিত ছিলেন, মূলত এই বিষয়গুলি নিয়েই তিন ইন্টার্নকে প্রশ্ন করা হয়। জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্টার্নরা দাবি করেন, সে রাতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা হাসপাতালে তাণ্ডব চালিয়েছিলেন। অথচ তাঁদের বিরুদ্ধে কোনও তদন্ত শুরু হয়নি বলে অভিযোগ তাঁদের। এক জুনিয়র চিকিৎসক বলেন, ‘আমরা একটি নিরপেক্ষ তদন্ত এবং আট ইন্টার্নকে দেওয়া কারণ দর্শানোর নোটিস প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
আরও পড়ুন: কলকাতা মেডিক্যালে হামলার প্রতিবাদে মিছিলের অনুমতি দিল না পুলিশ
এদিকে, বউবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে চিকিৎসকরা মেডিক্যাল কলেজে ভাঙচুর এবং ইন্টার্নদের উপর হামলার তীব্র নিন্দা করেছেন। আন্দোলনকারীদের অভিযোগ, ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রকৃত অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। উল্টে আট ইন্টার্নকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। ওই স্মারকলিপি জমা দিতে চিকিৎসকদের মিছিলের জন্য পুলিশের অনুমতি ছিল না বলেও জানা গিয়েছে।
অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রী, অধ্যক্ষ ও চিকিৎসকদের উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের অভিযোগ, অশান্তির পিছনে মাওবাদী মানসিকতাসম্পন্ন ব্যক্তি ও নকশালপন্থী সমর্থকদের ইন্ধন থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বারবার অস্থিরতার জেরে মেডিক্যাল কলেজ চত্বরে উত্তেজনা অব্যাহত।
দেখুন:




