গত ২ অক্টোবর মুম্বইয়ের শিবাজি পার্কে আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের হওয়া এফআইআরের জেরে এ বার কড়া পদক্ষেপ করল মুম্বই পুলিশ। বৃহস্পতিবার ‘ককরোচ জনতা পার্টি’-র (CJP) জাতীয় আহ্বায়ক তথা প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke) এবং দুই সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা (Ashutosh Ranka) ও সৌরভ দাসের (Saurav Das) বিরুদ্ধে ‘লুকআউট সার্কুলার’ বা এলওসি (Lookout Circular) জারি করা হয়েছে। কয়েক দিন আগেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সৌরভ দাসকে ব্রিটেনগামী বিমানে উঠতে বাধা দেওয়ার পর তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই কেন্দ্রের তরফে এলওসি-র বিষয়টি প্রকাশ্যে আসে এবং তার পরেই মুম্বই পুলিশের তরফে তিন নেতার বিরুদ্ধে এই নির্দেশ জারির কথা জানানো হয়।
হাই কোর্টে কেন্দ্রের যুক্তি
গত ২৩ নভেম্বর রাতে অক্সফোর্ডের একটি প্যানেল আলোচনায় যোগ দিতে ব্রিটেনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল সৌরভ দাসের। কিন্তু দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পর অভিবাসন দপ্তরের (immigration authorities) আধিকারিকেরা তাঁকে বিমানে উঠতে বাধা দেন এবং জানান যে তাঁর পাসপোর্টের ওপর সক্রিয় সতর্কবার্তা (alert) জারি রয়েছে। এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করেন সৌরভ।
বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে বিচারপতি অমিত মহাজনের এজলাসে শুনানি চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নিশ্চিত করা হয় যে, মহারাষ্ট্র পুলিশের বিশেষ অনুরোধেই ২২ ও ২৩ নভেম্বরের মাঝের রাতে সৌরভ দাসের বিরুদ্ধে এলওসি জারি করা হয়েছিল। কেন্দ্রের হয়ে সওয়াল করতে গিয়ে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল (ASG) চেতন শর্মা আদালতে জানান, নথি যাচাইয়ের সময় সৌরভের শিক্ষাগত যোগ্যতা, আবাসিক ঠিকানা এবং পিতৃপরিচয় সংক্রান্ত বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে, যার প্রভাব তাঁর নাগরিকত্বের ওপরেও পড়তে পারে। পাশাপাশি বিদেশ মন্ত্রকের তরফে পৃথক ভাবে চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দপ্তরের একটি কারণ দর্শানোর নোটিসের (show-cause notice) কথাও উল্লেখ করা হয়, যেখানে সৌরভকে তাঁর জন্মস্থান সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
‘মৌলিক অধিকারের পরিপন্থী’
কেন্দ্রের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন সৌরভ দাসের আইনজীবী সিবাল। আদালতে তাঁর যুক্তি, বিমানবন্দরে পৌঁছনোর আগে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনও আগাম নোটিস বা আনুষ্ঠানিক নথি সৌরভকে দেওয়া হয়নি। যাত্রার মাত্র কয়েক ঘণ্টা আগে ঘটনাস্থলেই হাতে একটি শোকজ নোটিস ধরিয়ে দেওয়া হয়, ফলে তার জবাব দেওয়ার ন্যূনতম সময়ও পাননি তাঁর মক্কেল। সিবাল প্রশ্ন তোলেন, বৈধ পাসপোর্ট এবং বৈধ ভিসা থাকা সত্ত্বেও কোনও নাগরিককে এ ভাবে বিদেশযাত্রা থেকে আটকানো যায় না, কারণ ভ্রমণের স্বাধীনতা তাঁর মৌলিক অধিকারের অংশ।
শুনানিতে সিবাল এলওসি-র একটি প্রতিলিপি, তা জারির তারিখ এবং কোন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে, তা প্রকাশ করার আবেদন জানান। তবে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল স্পষ্ট জানিয়ে দেন যে চলতি শুনানিতে ওই নথি দেওয়া সম্ভব নয়। আবেদনকারী চাইলে পৃথক আইনি প্রক্রিয়ায় লুকআউট সার্কুলারটিকে চ্যালেঞ্জ করতে পারেন। আদালতও আপাতত এলওসি-র বিষয়বস্তু প্রকাশের আর্জি মঞ্জুর করেনি। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৯ ডিসেম্বর।
কী জানাচ্ছে মুম্বই পুলিশ
মুম্বই পুলিশের এক প্রবীণ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত নেতারা দেশ ছেড়ে চলে যেতে পারেন এমন আশঙ্কা থেকেই অভিবাসন দপ্তরের মাধ্যমে বিমানবন্দর ও সীমান্তে এই সতর্কতা বা এলওসি জারি করা হয়েছে। তবে ৩ অক্টোবর এফআইআর দায়ের হওয়ার সাত সপ্তাহেরও বেশি সময় পর কেন আচমকা এলওসি জারি করা হল, তা নিয়েও চর্চা শুরু হয়েছে। পুলিশের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই এফআইআরের সঙ্গে নিট (NEET) প্রশ্নফাঁস সংক্রান্ত সেই মামলাগুলির কোনও যোগসূত্র নেই, যেগুলি প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এ (SIR) অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত ২ অক্টোবর দাদরের শিবাজি পার্কে ‘চলো মুম্বই’ বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও কয়েক হাজার মানুষ সেই সমাবেশে যোগ দেন। তার পরদিন, ৩ অক্টোবর শিবাজি পার্ক থানায় আয়োজক এবং ৪০০ থেকে ৫০০ অজ্ঞাতপরিচয় সমর্থকের বিরুদ্ধে এফআইআর রুজু হয়। মামলায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৮৯ (বেআইনি জমায়েত) ও ২২৩ (সরকারি আধিকারিকের বৈধ নির্দেশ অমান্য) ধারার পাশাপাশি মহারাষ্ট্র পুলিশ আইনের ৩৭ ও ১৩৫ ধারা যুক্ত করা হয়েছে। দীপকে, রাঙ্কা ও সৌরভ দাস ছাড়াও ওই এফআইআর-এ দলের আরও কয়েক জন সদস্যের নাম রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।




