• facebook
  • twitter
  • youtube
Thursday, 26 November, 2026

রাজস্থানের কাছে হেরে মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় বাংলার, ফের চাপের মুখে নতিস্বীকার অভিমন্যুদের

রাজস্থানকে হারাতেই হবে, এরকম চাপ নিয়ে খেলতে নেমে ফের মুখ থুবরে পড়ল বাংলার ব্যাটিং এবং পরে বোলিংও

রাজস্থানের কাছে হেরে মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় বাংলার, ফের চাপের মুখে নতিস্বীকার অভিমন্যুদের

Image: X

চাপের মুখে ভেঙে পড়ার রোগ যে এখনও সারেনি বাংলার ক্রিকেট দলে, তা ফের বোঝা গেল শুক্রবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে, যা কার্যত ছিল সুপার লিগের কোয়ালিফায়ার। অর্থাৎ, এই ম্যাচে জিতলে সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারত বাংলা, হারলে বিদায়। এমন এক বাঁচা-মরার ম্যাচে শেষ পর্যন্ত জিততে পারল না বাংলা, ৬ উইকেটে হেরে গেল রাজস্থানের কাছে।

গত মরসুমে রঞ্জি ট্রফির সেমিফাইনালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে চাপের মুখে ভেঙেপড়েছিল বাংলা। একটা সেশনেই খারাপ খেলে তারা ছিটকে গিয়েছিল রঞ্জি ট্রফি থেকে। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামেও ঠিক সেরকমই হল। রাজস্থানকে হারাতেই হবে, এরকম চাপ নিয়ে খেলতে নেমে ফের মুখ থুবরে পড়ল বাংলার ব্যাটিং এবং পরে বোলিংও।

রাজস্থানের কিট ব্যাগ ভর্তি গাড়ি মুম্বইয়ের ট্র্যাফিক জ্যামে আটকে পড়েছিল এবং সেই গাড়ি ওয়াংখেড়েতে এসে পৌঁছতে দেরি হয়। সে জন্যই এদিন ম্যাচ শুরু হতে দেরি হয়ে যায়। বেলা ১১টায় শুরু হওয়ার কথা ছিল যে খেলা, তা শুরু হয় ১১.১৫ মিনিটে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। গত ম্যাচে ঝোড়ো ইনিংস খেলার আত্মবিশ্বাস থেকেই বোধহয় এই সিদ্ধান্ত। কিন্তু শুরুতেই জোর ধাক্কা খায় বাংলা। এই টুর্নামেন্টে ফর্মে থাকা অভিষেক পোড়েল এবং চোট পেয়ে বাদ পড়া সুদীপ কুমার ঘরামির জায়গায় নামা ওপেনার আদিত্য পুরোহিত শুরুতেই আউট হয়ে যান যথাক্রমে ০ ও ১ রানে।

আরও পড়ুন: বৈভবের ঝোড়ো ২০৪ দেখে গেইল ভেবেছিলেন টি-টোয়েন্টি ম্যাচ! কী বললেন ‘ইউনিভার্স বস’?

বাংলা দশ রানে পৌঁছনোর আগেই জোড়া উইকেট পড়ে যাওয়ায় বড় ধাক্কা খায়। চার নম্বরে নামা শশাঙ্ক সিংও মাত্র দু’রান করে ফিরে যান। অধিনায়ক অভিমন্যু (১৭ বলে ২৬ রান), শাকির গান্ধী (৪৩ বলে ৬৯) এবং করণ লাল (২০ বলে ২৮) বাংলাকে একশো পার করে দেন। চতুর্থ উইকেটে ৭৩ রান যোগ করেন শাকির ও করণ। কিন্তু দলীয় স্কোর ১০৫-এ করণ ফিরে যাওয়ার পরে শেষ দিকের ব্যাটাররা ৫২ রানের বেশি যোগ করতে পারেননি। দীপক চাহর ও আরাফৎ খান তিনটি করে উইকেট নেন।

বাংলার ইনিংস ১৫৭-৯-এ শেষ হয়ে যাওয়ার পর রাজস্থান ব্যাট করতে নামলে শুরুটা খারাপ করেনি বাংলার বোলাররা। পরপর দু’বলে রোহন বিজয় রাজভর (৭) ও কুণাল সিং রাঠোরকে (০) আউট করেন মুকেশ কুমার। পরের ওভারেই মানব সুতারকে শূন্য রানে আউট করেন সায়ন ঘোষ। তখনই প্রতিপক্ষকে চেপে ধরার সুযোগ পেয়েছিল বাংলা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

মহম্মদ শামি (০-১৯), প্রদীপ্ত প্রামাণিক (০-৪৩), ঋষভ চৌধুরিদের (০-৪৭) নির্বিষ বোলিংয়ে বড় জুটি গড়েন অভিজিৎ তোমার (৫২ বলে ৭৪) এবং মহিপাল লোমরোর। ৩৫ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন মহিপাল। তাতে ছিল পাঁচটি চার ও ছটি ছয়। সায়ন শেষ পর্যন্ত মহিপালকে ফেরালেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। তারা সাত ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে রইল রাজস্থান। অন্য দিকে, চারটিতে জয় এবং তিনটিতে হেরে ১৬ পয়েন্ট নিয়ে আশা শেষ হয়ে গেল বাংলার।

আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যে দু’বার ইতিহাস! চিনের পর জাপানকে হারিয়ে বিশ্ব হকির চার নম্বরে ভারতের মেয়েরা

বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা স্বাভাবিক ভাবেই এই হারে হতাশ। মুম্বই থেকে ফোনে বলেন, ‘আরও ভাল ব্যাটিং করা উচিত ছিল আমাদের দলের ব্যাটারদের। অভিষেক পোড়েল ও করণ লালের আউট দুটোই আমাদের অনেকটা পিছিয়ে দিল’।

চাপের মুখে পড়ার তত্ত্ব মানতে চাইছেন না বাংলার কোচ। তিনি বলেন, ‘গত ম্যাচেও তো আমরা চাপের মুখেই দুর্দান্ত ব্যাট করে ম্যাচ জিতেছিলাম। আসলে সব ম্যাচে অভিষেক বড় রান করবে, এটা আশা করাও ঠিক না। তার পর অন্য ব্যাটাররাও বড় ইনিংস খেলতে পারল না। আর বড় রান করতে না পারলে বোলাররা কীই বা করবে? আমি দলের খেলোয়াড়দের দোষ দেব না। আমাদের দিনটা আজ ভাল ছিল না। আর এমন একটা ম্যাচে দিন খারাপ গেল যে, এই ম্যাচটা হারলে বিদায় নিশ্চিত ছিল। এটাই বাস্তব’।

উত্তরাখণ্ডকে হারিয়ে সুপার লিগে মুম্বাই

মুশির খানের ৪০ বলে ৬৫ রানের ইনিংসের সুবাদে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৮৬ রানে বড় জয় পেল মুম্বই। শুক্রবার সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠে হার্দিক তামোরে ১৪ বলে ৩৯ রান করে শুরুতেই ঝড় তোলেন। অঙ্গকৃশ রঘুবংশী করেন ৫১ রান। তাঁদের ব্যাটিংয়ে ভর করে ২০৯ রান তুলে শেষ ওভারে অলআউট হয়ে যায় মুম্বই। উত্তরাখণ্ডের রবীন্দর নেগি ও জগদীশ সুচিথ তিনটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় উত্তরাখণ্ড। শাশ্বত ডাংওয়ালের ২০ বলে ৩৭ রান এবং জগদীশ সুচিথের ১৯ রান কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। তবে আথর্ব আঙ্কোলেকর ১৭ রানে ৩ উইকেট নিয়ে উত্তরাখণ্ডের বাকি ব্যাটিংকে গুঁড়িয়ে দেন। ১৬.৫ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায় উত্তরাখণ্ড।সাতটি ম্যাচে এটি মুম্বইয়ের ষষ্ঠ জয়। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। ফলে গ্রুপ ডি-তে শীর্ষে থেকেই সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করল মুম্বই।

দেখুন: