• facebook
  • twitter
  • youtube
Thursday, 26 November, 2026

বৃহন্নলা ব্রিগেড গড়তে তৃতীয় লিঙ্গের মানুষদের যাচাই, ১০ ডিসেম্বরের মধ্যে তালিকা তৈরির নির্দেশ

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আপাতত কর আদায় এবং ট্র্যাফিক সিগন্যালে সচেতনতামূলক বার্তা দেওয়ার কাজে তাঁদের নিয়োগ করা হবে

বৃহন্নলা ব্রিগেড গড়তে তৃতীয় লিঙ্গের মানুষদের যাচাই, ১০ ডিসেম্বরের মধ্যে তালিকা তৈরির নির্দেশ

Image: IANS

ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত বৃহন্নলাদের মূলস্রোতের জীবিকায় যুক্ত করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। কলকাতা, হাওড়া ও বিধাননগরে তাঁদের প্রশিক্ষণ দিয়ে কর আদায় এবং যানবাহন চালকদের সচেতন করার কাজে নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই কাজে কাদের নেওয়া হবে, তা নিয়ে শুরু হয়েছে যাচাই প্রক্রিয়া। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে তিন শহরের সব থানা এলাকায় প্রকৃত তৃতীয় লিঙ্গের মানুষদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই যাচাইয়ে প্রকৃত রূপান্তরকামীদের একাংশ বাদ পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সমাজের প্রতিনিধিরা।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আপাতত কর আদায় এবং ট্র্যাফিক সিগন্যালে সচেতনতামূলক বার্তা দেওয়ার কাজে তাঁদের নিয়োগ করা হবে। ভবিষ্যতে অন্য সরকারি কাজেও তাঁদের যুক্ত করার সম্ভাবনা রয়েছে। এই উদ্যোগের লক্ষ্য, দীর্ঘদিন ধরে সামাজিক অবহেলা ও বঞ্চনার শিকার মানুষদের সম্মানজনক জীবিকার সুযোগ করে দেওয়া।

ট্রান্সজেন্ডার বোর্ডের সদস্য তথা গরিমা গৃহের ডিরেক্টর রঞ্জিতা সিনহার বক্তব্য, সমাজে ছদ্মবেশে থাকা কিছু ব্যক্তি এবং বাংলাদেশ থেকে আসা কিছু মানুষের উপস্থিতি নিয়ে তাঁরা নির্বাচন কমিশনের কাছে আগেও উদ্বেগ জানিয়েছেন। তবে যাচাইয়ের মানদণ্ড নিয়ে তাঁর প্রশ্ন রয়েছে।

রঞ্জিতার মতে, লিঙ্গান্তর অস্ত্রোপচার অত্যন্ত ব্যয়বহুল এবং তার আগে দীর্ঘ চিকিৎসা, কাউন্সেলিং ও হরমোন থেরাপির প্রয়োজন হয়। অর্থের অভাবে বা চিকিৎসা অসম্পূর্ণ থাকায় কেউ অস্ত্রোপচার করাতে না পারলে তাঁকে কি কাজের সুযোগ থেকে বঞ্চিত করা হবে? এই প্রশ্ন তুলেছেন তিনি।
কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখনও কোনও নির্দিষ্ট নির্দেশিকা তাঁদের কাছে আসেনি। ফলে যাচাইয়ের পদ্ধতি এখনও জানা যায়নি।

দেখুন: