• facebook
  • twitter
  • youtube
Thursday, 26 November, 2026

২৬/১১ মুম্বই হামলার ১৮ বছর, এখনও কি অধরা বিচার? প্রশ্ন উজ্জ্বল নিকমের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ২৬/১১-র নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির কথাও পুনরায় উল্লেখ করেছেন তাঁরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও শহিদদের স্মরণ করেছেন।

২৬/১১ মুম্বই হামলার ১৮ বছর, এখনও কি অধরা বিচার? প্রশ্ন উজ্জ্বল নিকমের

Photo: Statesman

২০০৮ সালের ২৬ নভেম্বর মু্ম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা আজও মানুষের মনে তাজা। বৃহস্পতিবার সেই হামলার ১৮ বছর পূর্ণ হল। হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। আহত হয়েছিলেন প্রায় ৩০০ জন। দেশজুড়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। তবে এত বছর পরেও হামলার মূল ষড়যন্ত্রকারীদের কি বিচারের আওতায় আনা হয়েছে? এই প্রশ্ন তুলে নতুন করে বিতর্ক উসকে দিলেন প্রবীণ আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ উজ্জ্বল নিকম।

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে নিকম বলেন, পাকিস্তানি জঙ্গি আজমল আমির কাসবের ফাঁসি হলেও হামলার নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের কি শাস্তি দেওয়া সম্ভব হয়েছে? ১৬৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পূর্ণ বিচার কি মিলেছে? সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয় বলেই মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, পাকিস্তান মদতপুষ্ট লস্কর-ই-তইবার জঙ্গি কাসবকে ২০১০ সালের মে মাসে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০১২ সালে পুনের জেলে তার ফাঁসি কার্যকর হয়। ২৬/১১ হামলার প্রত্যক্ষদর্শী মহম্মদ তৌফিক শেখ, তিনি ছোটু চাওয়ালা নামে পরিচিত। তিনি জানিয়েছেন, প্রায় দুই দশক পেরিয়ে গেলেও সেই রাতের স্মৃতি মনে পড়লে তিনি ঘুমোতে পারেন না। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে তাঁর সতর্কতার কারণে বহু মানুষের প্রাণ রক্ষা পেয়েছিল।

অন্যদিকে, জঙ্গি কাসবকে ধরতে গিয়ে প্রাণ দেওয়া পুলিশকর্মী তুকারাম ওম্বলের আত্মত্যাগও এদিন স্মরণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ২৬/১১-র নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির কথাও পুনরায় উল্লেখ করেছেন তাঁরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও শহিদদের স্মরণ করেছেন।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতের পাশে রয়েছে। হামলায় নিহত ৬ মার্কিন নাগরিকের কথাও স্মরণ করেন তিনি। দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পারস্পরিক সহযোগিতাকে সন্ত্রাসবাদীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: ভারতীয় পণ্যে শুল্ক নিয়ে নতুন চাল আমেরিকার, চুক্তি হলে হতে পারে ১৭%!

এদিকে, বর্ষপূর্তি উপলক্ষে মুম্বই পুলিশ কমিশনারের দপ্তরে আয়োজিত স্মরণ অনুষ্ঠানের কুচকাওয়াজে যোগ দেওয়ার কথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের। উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর লস্কর-ই-তইবার জঙ্গিরা মুম্বইয়ের একাধিক জায়গায় সমন্বিত হামলা চালানো হয়। নিহত ১৬৬ জনের মধ্যে ১৪০ জন ভারতীয় ও ২৬ জন বিদেশি নাগরিক ছিলেন। শহিদদের মধ্যে ছিলেন ১৮ জন পুলিশকর্মী ও তাজ হোটেলের ১২ জন কর্মী  এবং নিরাপত্তারক্ষী।