• facebook
  • twitter
  • youtube
Thursday, 26 November, 2026

লন্ডনযাত্রায় বাধা দেওয়ার পর এবার ককরোচ নেতা সৌরভের বিরুদ্ধে লুকআউট নোটিস

বৃহস্পতিবার বিচারপতি অমিত মহাজনের বেঞ্চে মামলার শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হয়, সৌরভের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে

লন্ডনযাত্রায় বাধা দেওয়ার পর এবার ককরোচ নেতা সৌরভের বিরুদ্ধে লুকআউট নোটিস

Image: Social Media

ককরোচ জনতা পার্টির (সিজেপি)-র মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে কেন্দ্র। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে মামলার শুনানিতে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, সৌরভের পাসপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ তুলে কেন্দ্র দাবি করেছে, এই অনিয়ম তাঁর নাগরিকত্বের বিষয়টিকেও প্রভাবিত করতে পারে। যদিও পাসপোর্ট বাতিল বা বাজেয়াপ্ত করার কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে আদালতে জানিয়েছে কেন্দ্র।

সোমবার রাতে দিল্লি থেকে লন্ডনগামী বিমানে ওঠার কথা ছিল সৌরভের। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করেছেন সিজেপি মুখপাত্র। সেই আমন্ত্রণ রক্ষা করতেই লন্ডন যাচ্ছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া চলাকালীন তাঁকে আটকে দেওয়া হয়। পরে সমাজমাধ্যমে সৌরভ জানান, ইমিগ্রেশন চেকপয়েন্টে পৌঁছনোর পর তাঁকে জানানো হয়, তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগ’ করা হয়েছে।

আরও পড়ুন: সংবিধান দিবসে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধী ও ‘দিমাগী নকশাল’দের নিশানা মোদীর

এই ঘটনার পর বুধবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সৌরভ। তাঁর অভিযোগ, প্রশাসন অন্যায়ভাবে বিদেশযাত্রায় বাধা দিচ্ছে। বৃহস্পতিবার বিচারপতি অমিত মহাজনের বেঞ্চে মামলার শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হয়, সৌরভের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে। অতিরিক্থ সলিসিটর জেনারেল আদালতে জানান, গত রবিবার রাতে মহারাষ্ট্র পুলিশ ওই সার্কুলার জারি করে। ফলে এ বিষয়ে সৌরভকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে হবে। তবে সূত্রের খবর, সৌরভের আইনজীবী লুকআউট নোটিসের প্রতিলিপি চাইলে তা কেন্দ্রের তরফে দিতে অস্বীকার করা হয়েছে।

এরই মধ্যে সৌরভের পাসপোর্টের তথ্য নিয়েও প্রশ্ন উঠেছে। বিমানবন্দরে আটকে দেওয়ার পর জানা গিয়েছে, পাসপোর্টে তাঁর জন্মস্থান সংক্রান্ত তথ্যে অসঙ্গতি রয়েছে। চেন্নাইয়ের পাসপোর্ট অফিস থেকে এ বিষয়ে সৌরভকে শোকজ নোটিসও পাঠানো হয়েছিল বলে আদালতে জানানো হয়েছে। কিন্তু সেই নোটিসের জবাব তিনি দেননি বলে অভিযোগ।

আরও পড়ুন: বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’, কারা পাবেন মাসে ১৫০০-২০০০? সরকারের বিজ্ঞপ্তি প্রকাশ

বৃহস্পতিবার আদালতে সৌরভের আইনজীবী জানান, শোকজ নোটিসে জন্মস্থান সংক্রান্ত তথ্য ভুল দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য গোপনা করে পাসপোর্ট সংগ্রহের অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় নথি প্রকাশ করা উচিত বলেও দাবি করেন তিনি। অন্যথায় সৌরভের পাসপোর্ট বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে আদালতে জানান তাঁর আইনজীবী।

অন্যদিকে, কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, সৌরভ পাসপোর্টের আবেদনপত্রে বাবার নামের জায়গাটি ফাঁকা রেখেছিলেন। তাঁর জন্মস্থান, ঠিকানা এবং বাবা-মায়ের পরিচয় যাচাই করতে গত ২০ আগস্ট পুদুচেরির এসএসপি অনুসন্ধান শুরু করেন। কেন্দ্রে বক্তব্য, পাসপোর্টের এই অসঙ্গতি সৌরভের নাগরিকত্বের উপরেও প্রভাব ফেলতে পারে। তবে তাঁকে পাঠানো শোকজ নোটিসে পাসপোর্ট বাতিল বা বাজেয়াপ্ত করার কথা বলা হয়নি। আপাতত ওই নোটিসের জবাব দেওয়ার জন্য আদালতে জানিয়েছে কেন্দ্র।

দেখুন: