• facebook
  • twitter
  • youtube
Thursday, 26 November, 2026

ভারতের প্রথম কম্পিউটারের নেপথ্যে বিস্মৃত বাঙালি পথিকৃৎ

ভারতের কম্পিউটার প্রযুক্তির প্রাথমিক পর্বে তাঁরাই ছিলেন এক গুরুত্বপূর্ণ পথিকৃৎ। বিশেষ করে বিদেশি প্রযুক্তিকে ভারতীয় গবেষণার কাজে ব্যবহারযোগ্য করে তোলার ক্ষেত্রে তাঁদের ভূমিকা স্মরণীয়। এইসব মহান প্রযুক্তিবিদদের অবদান নতুন করে স্মরণ করা প্রয়োজন। তাঁরা এমন এক সময়ে কম্পিউটার নিয়ে কাজ করেছিলেন, যখন দেশে এই প্রযুক্তি সম্পর্কে সাধারণ মানুষের তো দূরের কথা, অধিকাংশ শিক্ষিত মানুষেরও স্পষ্ট ধারণা ছিল না।

ভারতের প্রথম কম্পিউটারের নেপথ্যে বিস্মৃত বাঙালি পথিকৃৎ

Photo: Pexels

আজ আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে কম্পিউটার অপরিহার্য। মোবাইল ফোন, ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা কিংবা চিকিৎসাবিজ্ঞান— সর্বত্রই কম্পিউটারের উপস্থিতি। কিন্তু স্বাধীনতার পরের ভারতবর্ষে যখন কম্পিউটার ছিল এক প্রায় অবিশ্বাস্য প্রযুক্তি, তখন কলকাতার মাটিতেই শুরু হয়েছিল এ দেশের কম্পিউটার যুগের এক ঐতিহাসিক অধ্যায়।

১৯৫৬ সালে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে (আইএসআই) বসানো হয়েছিল ভারতের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার—হোলেরিথ ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার (এইচইসি-২এম)। সেই ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রশান্তচন্দ্র মহলানবিশের দূরদৃষ্টি এবং কয়েকজন বাঙালি বিজ্ঞানী ও প্রযুক্তিবিদের অসামান্য অবদান। তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন মণিমোহন মুখার্জি এবং অমরেশ রায়। তাঁরা শুধু বিদেশ থেকে নিয়ে আসা যন্ত্রটি চালু করেননি, বরং ভারতীয় প্রযুক্তিবিদদের কম্পিউটার পরিচালনার দক্ষতা অর্জনের পথও তৈরি করেছিলেন। আজ থেকে প্রায় সাত দশক আগে ভারতের অর্থনৈতিক পরিকল্পনার সামনে একটি বড় সমস্যা দেখা দিয়েছিল। দেশের জনসংখ্যা, কৃষি উৎপাদন, শিল্পের সম্ভাবনা, কর্মসংস্থান এবং মানুষের জীবনযাত্রা নিয়ে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করা হচ্ছিল। ১৯৫০ সালে ন্যাশনাল স্যাম্পল সার্ভে (এনএসএস) শুরু হওয়ার পর সেই তথ্য বিশ্লেষণের প্রয়োজন আরও বেড়ে যায়।

প্রশান্তচন্দ্র মহলানবিশ বুঝতে পেরেছিলেন, প্রচলিত পদ্ধতিতে এত বিপুল তথ্যের হিসাব করা প্রায় অসম্ভব। প্রয়োজন ইলেকট্রনিক কম্পিউটার। তাঁর উপলব্ধি ছিল অত্যন্ত দূরদর্শী। তিনি বলেছিলেন, দ্রুত ইলেকট্রনিক কম্পিউটারের ব্যবহার শুরু না করলে বিপুল পরিমাণ তথ্য সামলানো সম্ভব হবে না। এই উদ্দেশ্যে তিনি পঞ্চাশের দশকের গোড়াতেই ভারতে কম্পিউটার নিয়ে আসার ব্যাপারে উদ্যোগী হন। ১৯৫৪ সালে ব্রিটিশ সংস্থা ব্রিটিশ ট্যাবুলেটিং মেশিনের (বিটিএম) কাছ থেকে এইচইসি-২এম কম্পিউটার কেনার ব্যবস্থা হয়। যন্ত্রটির দাম ছিল প্রায় দুই লক্ষ টাকা। সেই সময়ে এই অর্থ ছিল যথেষ্ট বড় বিনিয়োগ।

এইচইসি-২এম তৈরি হয়েছিল ব্রিটেনের লেচওয়ার্থে। এর নকশার সঙ্গে যুক্ত ছিলেন লন্ডনের বার্কবেক কলেজের অধ্যাপক অ্যান্ড্রিউ বুথ। কিন্তু সমস্যা দেখা দিল অন্য জায়গায়। ব্রিটিশ সংস্থাটি ভারতে মাত্র একটি কম্পিউটার সরবরাহ করার কারণে এখানে নিজস্ব রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ব্যবস্থা করতে আগ্রহী ছিল না। তাই মহলানবিশের ইনস্টিটিউট থেকে দুজন অধ্যাপক ও প্রযুক্তিবিদ—মণিমোহন মুখার্জি এবং অমরেশ রায়কে ইংল্যান্ডে পাঠানো হয়। তাঁরা সেখানে কম্পিউটার নির্মাণের কাজ প্রত্যক্ষ করেন, অধ্যাপক বুথের সঙ্গে কাজ করেন এবং যন্ত্রটির পরিচালনা, প্রোগ্রামিং ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ নেন। এই প্রশিক্ষণ তাঁদের কাছে কেবল একটি যন্ত্র চালানোর শিক্ষা ছিল না। বরং কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন এবং সমস্যা নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বিষয় শেখার সুযোগ ছিল। পাশাপাশি ইউরোপের বিভিন্ন কম্পিউটার গবেষণাগারও পরিদর্শন করেন। এই প্রশিক্ষণ ছিল ঐতিহাসিক। কারণ তাঁরাই ছিলেন ভারতের প্রথম দিকের কম্পিউটার-প্রশিক্ষিত বিশেষজ্ঞদের অন্যতম। দেশে ফিরে তাঁদের দায়িত্ব ছিল বিদেশ থেকে আসা যন্ত্রটিকে নিজেদেরই স্থাপন করা এবং চালু করা।

১৯৫৬ সালের ফেব্রুয়ারি মাসে এইচইসি-২এম কলকাতায় পৌঁছয়। কলকাতার বরানগরে ২০৩ ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে অবস্থিত আইএসআই-র ভবনের নীচেরতলায় একটি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে যন্ত্রটি বসানো হয়। সে সময় কলকাতার মতো শহরেও কম্পিউটারের জন্য বিশেষভাবে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর তৈরি করা ছিল এক অভিনব ব্যবস্থা। মণিমোহন মুখার্জি ও অমরেশ রায় প্রায় এক মাসের মধ্যে যন্ত্রটি স্থাপন ও চালু করেন। এটি ছিল ভারতের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার স্থাপন ও চালু করার ঘটনা। তখনকার দিনে কম্পিউটার চালানো ছিল অত্যন্ত জটিল কাজ। আজকের মতো সহজ প্রোগ্রামিং ভাষা, কিবোর্ড কিংবা মনিটর ছিল না। পাঞ্চ কার্ডের মাধ্যমে তথ্য প্রবেশ করাতে হতো এবং মেশিন ল্যাঙ্গুয়েজে নির্দেশ লিখতে হতো। এই পরিস্থিতিতে মণিমোহন মুখার্জির মতো প্রশিক্ষিত প্রযুক্তিবিদদের ভূমিকা ছিল অপরিহার্য। তাঁর অবদানের একটি বিশেষ দিক ছিল যন্ত্রটির রক্ষণাবেক্ষণ ও কার্যক্ষমতা বৃদ্ধির কাজ।

আইএসআই-এর ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ইনস্টিটিউটের প্রযুক্তিগত কর্মীরা এইচইসি-২এম-এর নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি যন্ত্রটির বিভিন্ন পরিবর্তন ও অতিরিক্ত সংযোজন তৈরি করেছিলেন। এর ফলে কম্পিউটারের গতি ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি পেয়েছিল। এমনকি যন্ত্রটির সরবরাহকারী ব্রিটিশ সংস্থাও এই উন্নতিগুলির প্রশংসা করেছিল। এই তথ্যটি বিশেষ গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে বোঝা যায়, ভারতীয় বিজ্ঞানীরা শুধু বিদেশ থেকে প্রযুক্তি আমদানি করে তার ব্যবহারেই সীমাবদ্ধ থাকেননি। তাঁরা নিজেদের অভিজ্ঞতা ও গবেষণার মাধ্যমে সেই প্রযুক্তিকে আরও উন্নত করার চেষ্টা করেছিলেন। ১৯৫৬ সালের মার্চ মাসের শেষ দিকে এইচইসি-২এম কাজ করার উপযোগী হয়ে ওঠে। এভাবেই ভারত প্রবেশ করে ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের যুগে।

আজকের স্মার্টফোনের সঙ্গে তুলনা করলে এইচইসি-২এম-এর ক্ষমতা ছিল অত্যন্ত সীমিত। এর মেমোরি ছিল মাত্র ১০২৪ শব্দের। তথ্য দেওয়া হতো পাঞ্চ কার্ডের মাধ্যমে। আধুনিক কম্পিউটারের মতো কিবোর্ড, মনিটর বা মাউস কিছুই ছিল না। এমনকি আজকের মতো উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষাও ছিল না। যন্ত্রটিকে নির্দেশ দিতে হতো সরাসরি মেশিন ভাষায়। এটি প্রতি সেকেন্ডে প্রায় ২০০টি যোগ এবং পাঁচটি গুণের কাজ করতে পারত। আজকের কম্পিউটারের তুলনায় এই গতি নগণ্য মনে হলেও ১৯৫৬ সালে এটি ছিল এক বিস্ময়কর প্রযুক্তি।

এই কম্পিউটার দিয়ে জাতীয় নমুনা সমীক্ষার বিপুল তথ্য বিশ্লেষণ করা হতো। শুধু আইএসআই-এর নিজস্ব কাজ নয়, দেশের অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার গণনার সমস্যাও সমাধান করা হতো। অন্ধ্র বিশ্ববিদ্যালয়, আইআইটি খড়্গপুর, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি এবং দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের মতো প্রতিষ্ঠানও এর পরিষেবা গ্রহণ করেছিল।

মহলানবিশের লক্ষ্য শুধু বিদেশ থেকে কম্পিউটার আমদানি করা ছিল না। তিনি চাইতেন, ভারতীয় বিজ্ঞানীরা নিজেরাই কম্পিউটার তৈরি করতে শিখুন। সেই চিন্তা থেকেই ১৯৫৩ সালে আইএসআই-তে তৈরি হয়েছিল ভারতের প্রথম ইলেকট্রনিক অ্যানালগ কম্পিউটার। এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সমরেন্দ্রকুমার মিত্র এবং সৌমেন্দ্রমোহন বসু।

এরপর ১৯৫৮ সালে আইএসআই-তে আসে সোভিয়েত ইউনিয়নের ইউআরএএল কম্পিউটার। পরবর্তী সময়ে আইএসআই এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় যৌথভাবে তৈরি করে আইএসআই যে ইউ-১ নামের একটি ট্রানজিস্টরচালিত ডিজিটাল কম্পিউটার। ১৯৬৬ সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। দেশীয় প্রযুক্তিতে কম্পিউটার তৈরির ক্ষেত্রে সেটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ভারতে কম্পিউটার বিপ্লবের ইতিহাস বলতে আমরা সাধারণত পরবর্তী সময়ে বেঙ্গালুরু, মুম্বাই, হায়দরাবাদ কিংবা দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশের কথা মনে করি। কিন্তু তার অনেক আগে কলকাতার বরানগরে কয়েকজন বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ এক নতুন যুগের ভিত তৈরি করেছিলেন। প্রশান্তচন্দ্র মহলানবিশের দূরদৃষ্টি, মণিমোহন মুখার্জি ও অমরেশ রায়ের প্রযুক্তিগত দক্ষতা এবং আইএসআই-এর গবেষকদের সম্মিলিত প্রচেষ্টা না থাকলে ভারতের কম্পিউটার ইতিহাসের সূচনাটি হয়তো অন্য রকম হতে পারত। এঁদের নাম হয়তো আজকের প্রজন্মের কাছে খুব পরিচিত নয়। অথচ ভারতের কম্পিউটার প্রযুক্তির প্রাথমিক পর্বে তাঁরাই ছিলেন এক গুরুত্বপূর্ণ পথিকৃৎ। বিশেষ করে বিদেশি প্রযুক্তিকে ভারতীয় গবেষণার কাজে ব্যবহারযোগ্য করে তোলার ক্ষেত্রে তাঁদের ভূমিকা স্মরণীয়। এইসব মহান প্রযুক্তিবিদদের অবদান নতুন করে স্মরণ করা প্রয়োজন। তাঁরা এমন এক সময়ে কম্পিউটার নিয়ে কাজ করেছিলেন, যখন দেশে এই প্রযুক্তি সম্পর্কে সাধারণ মানুষের তো দূরের কথা, অধিকাংশ শিক্ষিত মানুষেরও স্পষ্ট ধারণা ছিল না।

ভারতের কম্পিউটার বিপ্লবের প্রথম অধ্যায় শুধু একটি বিদেশি যন্ত্র আমদানির ইতিহাস নয়; এটি ভারতীয় বিজ্ঞানীদের প্রযুক্তি আয়ত্ত করা, তাকে উন্নত করা এবং নিজেদের সক্ষমতা তৈরি করার ইতিহাস। আজ কৃত্রিম বুদ্ধিমত্তা যখন মানুষের চিন্তা, কাজ ও জীবনযাত্রাকে বদলে দিচ্ছে, তখন মনে রাখা দরকার, এই প্রযুক্তিবিপ্লবের প্রথম বীজ বপন হয়েছিল আমাদেরই কলকাতায়। সেই ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে একদল দূরদর্শী বাঙালির নাম, যাঁদের অবদান যথাযথ স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় রয়েছে।