• facebook
  • twitter
  • youtube
Wednesday, 25 November, 2026

বছরে প্রায় ৬ লক্ষ টাকা শুধু টিউশন ফি, সঙ্গে ভর্তি আর পোশাকের বাড়তি টাকা: নামী স্কুলে বাচ্চাকে পড়াতে গিয়ে পথে বসছেন অভিভাবকরা

গুজরাতের সবচেয়ে দামি স্কুলে দৈনিক টিউশন ফি ২,৩৮৬ টাকা, যা মধ্যবিত্তের গড় দৈনিক আয়ের চেয়েও বেশি। এফআরসি ফি বিশ্লেষণে উঠে এল অভিভাবকদের বাড়তি খরচের চাপের ছবি।

বছরে প্রায় ৬ লক্ষ টাকা শুধু টিউশন ফি, সঙ্গে ভর্তি আর পোশাকের বাড়তি টাকা: নামী স্কুলে বাচ্চাকে পড়াতে গিয়ে পথে বসছেন অভিভাবকরা

Private school education cost in India drains out middle class (Image: Pexels/@Janmesh Shah)

সন্তানকে নামী বেসরকারি স্কুলে পড়ানোর স্বপ্ন এখন কার্যত মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে গিয়েছে। এটা সকলেরই অভিজ্ঞতা। তবে প্রামাণ্য রিপোর্টটা এসেছে গুজরাত থেকে। গুজরাতের ‘ফি রেগুলেটরি কমিটি’ বা এফআরসি-র (FRC) অনুমোদিত ফি কাঠামোর সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে প্রাইভেট শিক্ষার উদ্বেগজনক ছবি। ওই বিশ্লেষণ বলছে, গুজরাতের নামীদামি বেসরকারি স্কুলগুলিতে প্রতি দিনের টিউশন ফি একজন সাধারণ মধ্যবিত্ত চাকরিজীবীর দৈনিক আয়ের চেয়েও বেশি। রাজ্যে একজন মধ্যবিত্ত কর্মী যেখানে দিনে গড়ে প্রায় ২,০০০ টাকা উপার্জন করেন, সেখানে রাজ্যের সবচেয়ে দামি স্কুলে কেবল দৈনিক টিউশন ফি-ই পৌঁছে গিয়েছে ২,৩৮৬ টাকায়।

চড়া স্কুলের খরচ

আহমেদাবাদ, সুরাট, ভদোদরা এবং রাজকোটের মতো গুজরাতের বড় শহরগুলিতে একজন মধ্যবিত্ত পেশাদারের গড় মাসিক বেতন আনুমানিক ৫০ হাজার টাকা। রবিবার এবং সরকারি ছুটি বাদ দিয়ে মাসে ২৫টি কর্মদিবস ধরলে, তাঁদের দৈনিক আয় দাঁড়ায় মোটের ওপর ২,০০০ টাকা। অন্য দিকে, গুজরাত বোর্ড এবং আন্তর্জাতিক বোর্ডের শিক্ষাবর্ষ অনুযায়ী বছরে প্রায় ২৪০ দিন স্কুলে পঠনপাঠন চলে। এফআরসি অনুমোদিত বার্ষিক টিউশন ফি-কে ওই ২৪০ দিন দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে, রাজ্যের সবচেয়ে ব্যয়বহুল ১৮টি স্কুলে প্রতি দিনের টিউশন ফি-র পরিমাণ ৮৭৯ টাকা থেকে ২,৩৮৬ টাকার মধ্যে ঘোরাফেরা করছে।

এই তালিকার শীর্ষে রয়েছে গান্ধীনগরের ‘আদানি ইন্টারন্যাশনাল স্কুল’ (Adani International School), যেখানে বার্ষিক টিউশন ফি ৫ লক্ষ ৭২ হাজার ৭৪৯ টাকা। অর্থাৎ প্রতি দিনের খরচ ২,৩৮৬ টাকা, যা একজন গড় মধ্যবিত্ত কর্মীর এক দিনের বেতনের চেয়েও বেশি। এর ঠিক পরেই রয়েছে রাজকোটের ‘দ্য গ্যালাক্সি স্কুল’, বার্ষিক ৪ লক্ষ ৫৭ হাজার ৯৫০ টাকা বা দৈনিক ১,৯০৮ টাকা), সুরাটের ‘ফাউন্টেনহেড স্কুল’, বার্ষিক ৪ লক্ষ ৫৪০ টাকা বা দৈনিক ১,৬৬৯ টাকা এবং আহমেদাবাদের ‘মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল স্কুল’, বার্ষিক ৩ লক্ষ ৮১ হাজার ৯০০ টাকা বা দৈনিক ১,৫৯১ টাকা। এ ছাড়াও রাজকোটের ‘দ্য নর্থ স্টার স্কুল’ (দৈনিক ১,৫৩৬ টাকা), আহমেদাবাদের ‘জেনেভা লিবারাল স্কুল’ (দৈনিক ১,৪৮০ টাকা), গান্ধীনগরের ‘ক্যালোরক্স অলিভ ইন্টারন্যাশনাল স্কুল’ (দৈনিক ১,৪৬৬ টাকা) এবং আহমেদাবাদের ‘জেজি ইন্টারন্যাশনাল স্কুল’ (দৈনিক ১,৪১৮ টাকা) প্রথম সারিতে রয়েছে। সবচেয়ে ব্যয়বহুল ১৮টি স্কুলের তালিকার একেবারে শেষে থাকা আহমেদাবাদের ‘দ্য রিভারসাইড স্কুল’-এও বার্ষিক ফি ২ লক্ষ ১০ হাজার ৮৯০ টাকা, অর্থাৎ প্রতি দিনের খরচ ৮৭৯ টাকা।

ঋণ নিতে বাধ্য হচ্ছেন অভিভাবকেরা

আর্থিক বিশেষজ্ঞদের মতে, একটি পরিবারের সামগ্রিক বাজেটের ১৫ থেকে ২০ শতাংশের বেশি শিক্ষার পেছনে খরচ হওয়া বাস্তবোচিত নয়। কিন্তু বেসরকারি স্কুলের আকাশছোঁয়া ফি মধ্যবিত্ত পরিবারগুলিকে সেই সীমা বহু আগেই টপকে যেতে বাধ্য করেছে। যে পরিবারের বার্ষিক আয় ছয় থেকে আট লক্ষ টাকা এবং যাঁদের দু’টি সন্তান রয়েছে, তাঁরা যদি দুই সন্তানকেই এই ধরনের নামীদামি স্কুলে পড়ান, তবে শুধু টিউশন ফি মেটাতেই পরিবারের বার্ষিক আয়ের প্রায় ৫০ শতাংশ বেরিয়ে যাচ্ছে। খরচের এই বিপুল ফারাক সামাল দিতে গিয়ে বহু অভিভাবককে বাধ্য হয়ে নিজেদের জমানো সঞ্চয় ভাঙতে হচ্ছে কিংবা ব্যক্তিগত ঋণ (personal loans) নিতে হচ্ছে।

আনুষঙ্গিক খরচেও নাভিশ্বাস

অভিভাবকদের ভোগান্তি কেবল সরকারি কমিটির অনুমোদিত টিউশন ফি-তেই থেমে নেই। কারণ এফআরসি-র নির্ধারিত অঙ্কে শুধুমাত্র টিউশন ফি-ই ধরা থাকে, অথচ বাস্তবে বাধ্যতামূলক এবং আনুষঙ্গিক নানা খাতে স্কুলের বিল অনেকটাই ফুলেফেঁপে ওঠে। ভর্তির সময় এককালীন অ্যাডমিশন ফি এবং ফেরতযোগ্য ‘কশন ডিপোজিট’ (refundable caution deposits) বাবদই গুনতে হয় ৫০ হাজার থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত। এর সঙ্গে যুক্ত হয় বার্ষিক পরিবহণ বা বাস ভাড়া বাবদ আরও ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা। বেশ কয়েকটি আন্তর্জাতিক স্কুলে বাধ্যতামূলক প্রাতঃরাশ এবং মধ্যাহ্নভোজনের জন্য আলাদা টাকা নেওয়া হয়।

এখানেই শেষ নয়। স্কুলের নির্দিষ্ট করে দেওয়া বিক্রেতাদের (school-designated vendors) কাছ থেকে পাঠ্যবই, খাতা, খেলার সরঞ্জাম এবং ইউনিফর্ম কিনতে বছরে আরও ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা খরচ হয়ে যায়। তার ওপর এক্সট্রাকারিকুলার (extracurricular) কার্যকলাপের আলাদা ফি তো রয়েইছে। এই সমস্ত বাড়তি খরচ যোগ করলে দেখা যাচ্ছে, যে স্কুলের বার্ষিক টিউশন ফি সাড়ে তিন লক্ষ টাকা, সেখানে একজন অভিভাবকের প্রকৃত বার্ষিক খরচ সাড়ে চার লক্ষ টাকা ছাড়িয়ে যাচ্ছে।

কী যুক্তি স্কুল কর্তৃপক্ষের

গুজরাতের সবচেয়ে দামি ১৮টি স্কুলের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে আহমেদাবাদ। এর পরেই রয়েছে সুরাট ও রাজকোট এবং তার পর গান্ধীনগর, ভদোদরা ও ভালসাদ। এই স্কুলগুলির বেশির ভাগই ইন্টারন্যাশনাল ব্যাকালোরিয়েট (IB), কেমব্রিজ (Cambridge) কিংবা সিবিএসই (CBSE) পাঠ্যক্রম অনুসরণ করে। বিশেষ করে আইবি এবং কেমব্রিজ স্কুলগুলি মুখস্থবিদ্যার পরিবর্তে প্রজেক্ট-ভিত্তিক শিক্ষাপদ্ধতির (project-based learning) ওপর জোর দেয়।

এই প্রসঙ্গেই চড়া ফি-র সপক্ষে নিজেদের যুক্তিও তুলে ধরেছে স্কুল কর্তৃপক্ষগুলি। তাদের দাবি, এই স্কুলগুলিতে প্রতি ১৫ থেকে ২৫ জন পড়ুয়া পিছু একজন করে শিক্ষক থাকেন, যা শিক্ষার মান বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত স্মার্ট ক্লাসরুম, এআই এবং রোবোটিক্স গবেষণাগার, সুইমিং পুল, শুটিং রেঞ্জ এবং সঙ্গীত ও নাটকের স্টুডিওর মতো আধুনিক পরিকাঠামোর বিপুল রক্ষণাবেক্ষণ খরচ রয়েছে। এর সঙ্গে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিশেষ কেরিয়ার কাউন্সেলিং এবং উচ্চ বেতনে আন্তর্জাতিক মানের প্রশিক্ষিত শিক্ষকদের নিয়োগ ও ধরে রাখার ব্যয় সামলাতেই এই ফি ধার্য করা হয়েছে বলে দাবি স্কুল পরিচালন সমিতিগুলির।