মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই একেবারে অ্যাকশন মোডে ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বুধবার সকালে কোলে ও লেক মার্কেটে আধিকারিকেরা অভিযান চালান। বিভিন্ন বাজারে গিয়ে তাঁরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দামও খতিয়ে দেখেন।
মঙ্গলবার নবান্নের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন পুলিশ, প্রশাসন, কৃষি বিপণন দপ্তরের আধিকারিক ও ব্যবসায়ী সংগঠনগুলির প্রতিনিধিদের নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন। সেই বৈঠকে বিভিন্ন সবজির পাশাপাশি সর্ষের তেল, চিনি ও আলুর অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন।
পুলিশ-প্রশাসনকে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে বাজারে পণ্যের জোগান স্বাভাবিক রাখার বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানিয়েছিলেন। চিনি ও সর্ষের তেলের দাম সবথেকে বেশি বেড়েছে। গত এক সপ্তাহে সর্ষের তেলের দাম ১৭০ থেকে বেড়ে হয়েছে ২২০ টাকারও বেশি।
এদিকে চিনির দাম ছিল ৫৫ টাকা। তা খুচরো বাজারে বেড়ে ৬৮-৭০ টাকা হয়েছে। এই দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চেয়েছেন। এদিকে গত রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় ১ কেজি বেগুন বিক্রি হয়েছে ১২০-১৫০ টাকায়। ধনেপাতা কেজিতে ছিল ৮৫০-১০০০ টাকা।
আরও পড়ুন: মিলনের জামিনের মেয়াদ শেষ, আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
এদিকে, মাঝারি মাপের একটি ফুলকপির দাম হয়েছিল ৮০ টাকা পর্যন্ত। পিঁয়াজের দাম পুজোর আগে থেকে ৭০ টাকায় রয়েছে। হঠাৎ করে কী কারণে রাতারাতি দাম বাড়ল তা ব্যবসায়ী সংগঠনগুলির কাছে জানতে চান মুখ্যমন্ত্রী। তবে ৩ দিনের মধ্যে দাম না কমলে রাজ্য সরকার কড়া অবস্থান নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই বার্তার পরেই বাজারে অভিযানে নামল ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা।




