নন্দীগ্রামের প্রাক্তন কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ আর বাড়াল না কলকাতা হাইকোর্ট। আগামী ২৭ নভেম্বরের মধ্যে হলদিয়ার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করতে হবে তাঁকে। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
২০২৬ সালের নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন মিলন প্রধান। ২০০৭ সালের ছ’টি পুরনো মামলায় তাঁকে গ্রেপ্তার করেছিল সংশ্লিষ্ট পুলিশ। তার মধ্যে চারটি মামলা নন্দীগ্রাম থানার এবং দু’টি খেজুরি থানার। সব ক’টি মামলাই পূর্ব মেদিনীপুর জেলার।
এই মামলাগুলিতে এর আগে মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে ফের আদালতের দ্বারস্থ হন তিনি। বৃহস্পতিবার মামলার শুনানিতে দু’পক্ষের বক্তব্য শোনেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
এরপরেই বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, আগে দেওয়া অন্তর্বর্তী জামিনের মেয়াদ আর বাড়ানো হবে না। জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য করা দুটি আবেদনই খারিজ করে দিয়েছে আদালত। আগামী ২৭ নভেম্বরের মধ্যে হলদিয়ার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। ফলে আপাতত আদালতের নির্দেশ মেনে নিম্ন আদালতেই হাজির হতে হবে নন্দীগ্রামের প্রাক্তন কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে।




