• facebook
  • twitter
  • youtube
Wednesday, 25 November, 2026

‘তুমিই অনুপ্রেরণা’, বৈভবের দ্রুততম দুশোয় মুগ্ধ সূর্য! প্রশংসায় পঞ্চমুখ শেহবাগ, অশ্বিনরাও

বৈভবের এই অবিশ্বাস্য ইনিংস দেখে মুগ্ধ সূর্যকুমার যাদব। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘বৈভব সূর্যবংশী, এ বার তুমিই আমার অনুপ্রেরণা। কী অসাধারণ ক্রিকেটার! বিশেষ প্রতিভা’

‘তুমিই অনুপ্রেরণা’, বৈভবের দ্রুততম দুশোয় মুগ্ধ সূর্য! প্রশংসায় পঞ্চমুখ শেহবাগ, অশ্বিনরাও

Iamge: X

মঙ্গলবার দোহায় ঝড় উঠেছিল বৈভবের ব্যাটে। এসিসি রাইজিং স্টার এশিয়া কাপের গ্রুপ বি-র ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলের হয়ে ওপেন করতে নেমে একাই ম্যাচের রং বদলে দেন বিহারের এই কিশোর। মাত্র ৫৩ বলে ২০৪ রান করে ক্রিকেটের রেকর্ড বইয়ে একের পর এক নতুন অধ্যায় লিখে ফেলেন বিহারের বিস্ময়কিশোর।

বৈভবের এই অবিশ্বাস্য ইনিংস দেখে মুগ্ধ সূর্যকুমার যাদব। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘বৈভব সূর্যবংশী, এ বার তুমিই আমার অনুপ্রেরণা। কী অসাধারণ ক্রিকেটার! বিশেষ প্রতিভা।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়কের এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সাধারণত তরুণ ক্রিকেটাররা যাঁকে দেখে অনুপ্রাণিত হন, সেই সূর্যই এ বার বৈভবের ব্যাটিং দেখে তাঁকে নিজের অনুপ্রেরণা বেছে নিয়েছেন!

আরও পড়ুন: দ্বিতীয় টেস্টেও কি ব্রাত্য সিরাজ? দ্বিতীয় টেস্টে গম্ভীর-গিলের পরিকল্পনায় বড় বদলের ইঙ্গিত নেই? এই নিয়ে সর্বশেষ আপডেট

বৈভবের ইনিংসের পরিসংখ্যানই বলে দিচ্ছে, কতটা বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি। মাত্র ২৮ বলে শতরান করেন। ভেঙে দেন লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড। অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্ক ২০২৩ সালে ২৯ বলে শতরান করে এই নজির গড়েছিলেন।

এর পর ৪০ বলে ১৫০ রান পূর্ণ করেন বৈভব। নিজেরই ৫৯ বলে ১৫০ রানের রেকর্ড ভেঙে দেন। সব থেকে অবিশ্বাস্য ঘটনা, মাত্র ৫২ বলে দ্বিশতরান পূর্ণ করেন তিনি। লিস্ট এ ক্রিকেটে এর আগে দ্রুততম দ্বিশতরানের নজির ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের। তিনি ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন।

বৈভবের ইনিংসে ছিল ৭টি চার এবং ২৮টি ছয়। এক দিনের ক্রিকেটে এক ইনিংসে এত ছক্কা আগে কেউ মারেননি। ২০১৮ সালে ডার্সি শর্টের ২৩টি ছক্কার রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। ভারতীয় ‘এ’ দল মাত্র ১৪.২ ওভারে ২৫০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে। সাত উইকেটে জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত।

যেন ভিডিও গেমের ব্যাটিং!

শুধু সূর্যকুমার নন, বৈভবের ব্যাটিং দেখে বিস্মিত প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগও। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘৫৩ বলে ২০৪ রান। ২৮টি ছক্কা! ইএ স্পোর্টস ক্রিকেটের ভিডিও গেমেও এমন ব্যাটিং অবিশ্বাস্য মনে হত। কী অসাধারণ কাণ্ড!’

আরও পড়ুন: জিকসনের গোলে ইতিহাস ইস্টবেঙ্গলের! এসিএল২-এর দৌড়ে টিকে থাকতে ভাগ্য সঙ্গ দিয়েছে, মানলেন হাবাস

প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও প্রশংসা করেছেন বৈভবের। একই দিনে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রিয়াংশ আর্য ৬৮ বলে ১৮১ রান করেছিলেন। তার পরেই বৈভবের এই ইনিংস দেখে অশ্বিন লিখেছেন, ‘কী হচ্ছে! অবিশ্বাস্য! দিনের শুরুতে প্রিয়াংশ, আর এখন এই বিস্ময় বালক। এই ক্রিকেটারদের ব্যাট করতে দেখা মনে করিয়ে দেয়, ক্রিকেটে এখনও কত প্রতিভা এবং দক্ষতা উঠে আসছে।’

সুরেশ রায়নাও বৈভবের প্রশংসা করে লিখেছেন, ‘অসাধারণ প্রতিভা! এত কম বয়সে ডাবল সেঞ্চুরি করাই বলে দিচ্ছে বৈভব সূর্যবংশীর মানসিকতা কতটা নির্ভীক এবং তাঁর দক্ষতা কতটা অসাধারণ। বড় স্বপ্ন দেখো, আরও উজ্জ্বল হয়ে ওঠো, তরুণ চ্যাম্পিয়ন!’

মহম্মদ কাইফের মন্তব্য, ‘৫৩ বলে ২০৪ রান, ২৮টা ছক্কা! বৈভব শুধু রেকর্ড ভাঙার অপেক্ষা করছে না, ক্রিকেটের ইতিহাস নতুন করে লিখছে। ভবিষ্যতের মহাতারকা।’

গতকাল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘বৈভবের এই দুরন্ত সেঞ্চুরির সঙ্গে তুলনা করার মতো কোনও ইনিংস নেই। এমন প্রতিভার পক্ষেই এই ধরনের ইনিংস খেলা সম্ভব’।

১৫ বছরের এক কিশোরের ব্যাটিংয়ে এখন মুগ্ধ ক্রিকেট দুনিয়া। বৈভবের এই ইনিংসের পরে প্রশ্ন উঠছে, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা কি এই ইনিংসেই নিজের আগমনী বার্তা দিয়ে রাখলেন?

দেখুন: