• facebook
  • twitter
  • youtube
Tuesday, 24 November, 2026

নিয়ন্ত্রণে নেই ইমরানের রক্তচাপ, দ্রুত চিকিৎসার পরামর্শ ব্যক্তিগত চিকিৎসকের, হৃদ্‌যন্ত্র ও কিডনির ক্ষতির আশঙ্কা

চিকিৎসকের এই সতর্কবার্তার মধ্যেই গত সপ্তাহে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের কাছে নিজের ও স্ত্রী বুশরা বিবির চিকিৎসার ব্যবস্থা করার আর্জি জানিয়েছিলেন ইমরান

নিয়ন্ত্রণে নেই ইমরানের রক্তচাপ, দ্রুত চিকিৎসার পরামর্শ ব্যক্তিগত চিকিৎসকের, হৃদ্‌যন্ত্র ও কিডনির ক্ষতির আশঙ্কা

Image: IANS

জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করলেন তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসক ফয়সল সুলতান। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণে ইমরানের হৃদ্‌যন্ত্র, কিডনি এবং চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। দ্রুত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অথবা কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক। ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া সাক্ষাৎকারে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি।

গত ৩০ বছরেরও বেশি সময় ধরে ইমরানের চিকিৎসা করছেন ফয়সল। তাঁর কথায়, এই ধরনের উচ্চ রক্তচাপ নিয়ে কোনও রোগী তাঁর কাছে এলে তিনি তাঁকে অবিলম্বে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অথবা কিডনি বিশেষজ্ঞের কাছে পাঠাতেন। আগামী কয়েকদিনের মধ্যেই রক্তচাপ নিয়ন্ত্রণে আনা জরুরি। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে হৃদ্‌যন্ত্র ও কিডনির কার্যকারিতার উপর প্রভাব পড়তে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে চোখের রেটিনাও। ইমরানের সামাজিক বিচ্ছিন্নতা এবং দীর্ঘ সময় একা বন্দি থাকার পরিস্থিতি রক্তচাপের সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন:  চিনা গুপ্তচর বিতর্কে বিদায়ের কয়েক দিনেই নাটকীয় প্রত্যাবর্তন, এনভিডিয়ার প্রেসিডেন্ট ও সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

চিকিৎসকের এই সতর্কবার্তার মধ্যেই গত সপ্তাহে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের কাছে নিজের ও স্ত্রী বুশরা বিবির চিকিৎসার ব্যবস্থা করার আর্জি জানিয়েছিলেন ইমরান। তাঁর আইনজীবী ব্যারিস্টার সলমন সফদর ১৬ নভেম্বর সমাজমাধ্যমে চিঠিটি প্রকাশ করেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা ওই চিঠিতে ইমরান দাবি করেন, কারাগারে তাঁর রক্তচাপ ক্রমশ বেড়েছে। ১০ নভেম্বর তা ১৯২ ও ১৯৩-এ পৌঁছেছিল। চিকিৎসকরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকির কথা জানিয়েছেন বলেও দাবি করেন তিনি।

চিঠিতে ইমরান আরও দাবি করেন, ডান চোখের দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ হারিয়েছেন তিনি। দিনে ২২ ঘণ্টা পর্যন্ত তাঁকে একা থাকতে হচ্ছে। পরিবারের সদস্য, আইনজীবী এবং বাইরের জগতের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত বলে অভিযোগ তাঁর। স্ত্রী বুশরা বিবির দৃষ্টিশক্তিও বিপন্ন বলে চিঠিতে জানিয়েছেন ইমরান। তাঁর দাবি, প্রয়োজনীয় অস্ত্রোপচার না হলে বুশরা স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন।

আরও পড়ুন: এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, নেতৃত্বে জিনপিংয়ের পরেই দ্বিতীয় মোদী: রিপোর্ট

ইমরানের অভিযোগ, তাঁকে হাসপাতালে স্থানান্তর এবং পরিবারের সঙ্গে দেখা করার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা হয়নি। তবে গত ১১ নভেম্বর চোখের চিকিৎসার জন্য তাঁকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁকে ফের জেলে পাঠানো হয়। অন্যদিকে, পাকিস্তানের এক মন্ত্রী দাবি করেছেন, ইমরানকে একাধিকবার চিকিৎসকরা পরীক্ষা করেছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ফলে ইমরানের অভিযোগ ও সরকারের বক্তব্যের মধ্যে বিরোধ রয়েছে।

২০২৩-এর আগস্ট থেকে আদিয়ালা জেলে বন্দি ইমরান। তোষাখানা-২ মামলায় ২০২৫-এ তাঁকে এবং বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে তাঁদের আবেদন ইসলামাবাদ হাইকোর্টে বিচারাধীন। এ ছাড়াও আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা-সহ একাধিক মামলায় সাজা ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। ইমরান অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

দেখুন: