বেসিন রিজার্ভের উইকেট দেখে অবাক লিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। এই মাঠে যে এমন উইকেট হতে পারে, তা তিনি ভাবতেই পারছেন না। তার ওপর কোকাবুরা বল নিয়েও ভারতীয় অধিনায়কের সঙ্গে একমত তিনি। টেস্ট ক্রিকেটের উপযোগী মানের যে নয় এই বল, তাও জানাতে ভুললেন না কিউয়ি অধিনায়ক।
সোমবার ওয়েলিংটনে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র করার পর সাংবাদিক বৈঠকে কোকাবুরা বলের গুণমান নিয়ে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন শুভমান গিল, তেমনই বলের অবস্থা দেখে একদমই খুশি নন লাথাম। তাঁর মতে, প্রত্যাশার তুলনায় অনেক দ্রুত বল নরম হয়ে যাচ্ছিল। ফলে নতুন বলের সুবিধা খুব বেশি সময় পাওয়া যায়নি। ঠিক যেমনটা অভিযোগ করেছেন ভারত অধিনায়ক শুভমান গিলও।
লাথাম বলেন, ‘বল নিয়ে শুভমান একেবারে ঠিক কথা বলেছে। প্রথম দিন বাদ দিলে গোটা ম্যাচেই বল খুব তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছিল। প্রথম কয়েক ওভার, বড়জোর ১০ ওভার নতুন বলের সুবিধা পাওয়া যাচ্ছিল। নিউজিল্যান্ডের মাঠে সাধারণত বল অনেকক্ষণ শক্ত থাকে, বেশি বাউন্স পাওয়া যায় এবং সুইংও দীর্ঘ সময় ধরে থাকে। এ বার সেটা হয়নি’।
ওয়েলিংটন এই টেস্টে জয় প্রায় হাতের মুঠোয় চলে এসেছিল ভারতের। কিন্তু শেষ পর্যন্ত ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের প্রতিরোধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। এই ড্র-কে কার্যত জয় হিসাবেই দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক। তাই প্রথম টেস্ট ড্র করে কার্যত হাঁফ ছেড়ে বেঁচেছেন তিনি।
ম্যাচের প্রথম দিনেই ৭০ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কিউয়িরা। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ৩৬৮ রান তোলে তারা। দ্বিতীয় ইনিংসেও শেষ দিন প্রায় দু’টি সেশন ধরে ভারতীয় বোলারদের আটকে রাখেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। ফলে ৭২০-৯ রানে ইনিংস ঘোষণা করেও জয় অধরা থেকে যায় ভারতের। আর এই ফলের পর নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের গলায় শোনা গেল স্বস্তির সুর।
লাথাম বলেন, ‘আমার মনে হয়, এই ম্যাচে আমরা অল্পের জন্য বেঁচে গেলাম। প্রথম দিনের পরিস্থিতির দিকে তাকালে বোঝা যাবে, আমরা কতটা চাপে ছিলাম। সেখান থেকে ৩৬০-৩৭০ রান তুলতে পারাটা আমাদের কাছে যথেষ্ট স্বস্তির ছিল’।
তিনি আরও বলেন, ‘তৃতীয় ইনিংসে যখন ম্যাচের ফল নির্ধারণের জন্য হাতে খুব বেশি বিকল্প ছিল না, তখন আমাদের ব্যাটাররা যেভাবে নিজেদের পরিকল্পনায় অবিচল থেকেছে, দীর্ঘ সময় ধরে ব্যাট করেছে, তা প্রশংসনীয়। শেষ পর্যন্ত ড্র ছিনিয়ে আনতে পেরেছি’। নিজে অবশ্য দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন লাথাম। দু’বারই জশপ্রীত বুমরার বলে প্রথম ওভারেই শূন্য রানে আউট হন তিনি। তবে দলের এই লড়াইয়ে যথেষ্ট খুশি নিউজিল্যান্ড অধিনায়ক।
এই ড্রয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছে নিউজিল্যান্ড। টেস্ট শুরুর আগে তালিকার শীর্ষে ছিল তারা। কিন্তু দক্ষিণ আফ্রিকা তাদের টপকে যায়। এ বার অস্ট্রেলিয়াও নিউজিল্যান্ডকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এল। তবু লড়াই থেকে ছিটকে যাওয়ার কোনও আশঙ্কা দেখছেন না লাথাম।
তাঁর কথায়, ‘ড্র-ও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শুধু একটা সিরিজে ভাল খেললেই হবে না। দু’বছরের পুরো সময় ধরে ধারাবাহিকতা দেখাতে হবে। কোন দলের হাতে কতগুলি ম্যাচ রয়েছে, সেটাও গুরুত্বপূর্ণ। আমাদের হাতে এখনও অনেক ম্যাচ রয়েছে। আশা করছি, আগামী কয়েক মাসে আমরা নিজেদের এমন জায়গায় নিয়ে যেতে পারব, যেখান থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ থাকবে’।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভের উইকেট নিয়েও প্রশ্ন তুলেছেন লাথাম। তাঁর মতে, এই মাঠের চেনা চরিত্রের সঙ্গে এ বারের পিচের কোনও মিল ছিল না। সাধারণত এই মাঠে পেসাররা গতি ও বাউন্স পান। কিন্তু এ বার দ্বিতীয় দিন থেকেই সেই সুবিধা হারিয়ে যায়।
লাথাম বলেন, ‘গত কয়েক বছরে বেসিন রিজার্ভে যে ধরনের উইকেট দেখা গিয়েছে, এ বার সেটা ছিল না। এখানকার চেনা উইকেটে গতি ও বাউন্স থাকে। কিন্তু দ্বিতীয় দিন থেকে আমরা তা পাইনি’।
তবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য নিজের বোলারদের প্রশংসাও করেছেন তিনি। তাঁর মতে, পিচ থেকে সাহায্য না পেলেও বোলাররা নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন।
বলকে সুইংয়ের উপযোগী রাখার জন্য লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পক্ষেও সওয়াল করেছিলেন ভারতের অধিনায়ক। তবে এই বিষয়ে সতর্ক লাথাম। তিনি বলেন, ‘নিয়ম ও শর্ত পরিবর্তনের সিদ্ধান্ত আমার হাতে নেই। লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে কি না, তা নিয়েও আমি নিশ্চিত নই। বিশ্বে যা ঘটেছে, তার পর এই নিয়ম বদলাবে কি না বলা কঠিন’।
এ বার দুই দল পাড়ি দেবে ক্রাইস্টচার্চে। শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। হ্যাগলি ওভালের পিচে বেসিন রিজার্ভের তুলনায় বোলাররা বেশি সাহায্য পাবেন বলেই আশা লাথামের।




