• facebook
  • twitter
  • youtube
Monday, 23 November, 2026

চেন্নাইয়ে রোবোটিক সার্জারিও ব্যর্থ হয়েছিল, কলকাতায় আধুনিক ল্যাপারোস্কোপিক চিকিৎসায় সারল জটিল ফিস্টুলা

জরায়ু অস্ত্রোপচারের পর ১৬ বছর ধরে ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলায় ভুগছিলেন মহিলা। কলকাতা ও চেন্নাইয়ে দু’বার অস্ত্রোপচার ব্যর্থ হওয়ার পর ঢাকুরিয়ার মনিপাল হাসপাতালে ল্যাপারোস্কোপিক সার্জারিতে মিলল মুক্তি।

চেন্নাইয়ে রোবোটিক সার্জারিও ব্যর্থ হয়েছিল, কলকাতায় আধুনিক ল্যাপারোস্কোপিক চিকিৎসায় সারল জটিল ফিস্টুলা

Manipal Hospital Dhakuria Highlights the Possibility of Treatment Through Minimally Invasive Surgery (Image: Pexels/ @Anna Shvets)

জরায়ু বাদ দেওয়ার অস্ত্রোপচার বা হিস্টেরেকটমির (hysterectomy) পর থেকেই বদলে গিয়েছিল জীবনটা। টানা প্রায় ষোলো বছর ধরে অনিয়ন্ত্রিত প্রস্রাবের সমস্যা এবং বারবার সংক্রমণের দুর্বিষহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিলেন এক মহিলা। কলকাতায় প্রথম বার এবং পরে চেন্নাইয়ের এক নামী কর্পোরেট হাসপাতালে রোবোটিক পদ্ধতিতে দ্বিতীয় বার অস্ত্রোপচার করেও মেলেনি রেহাই। দু’বারই কয়েক দিনের মধ্যে ফিরে এসেছিল রোগ। অবশেষে দীর্ঘ দেড় দশকের সেই শারীরিক ও মানসিক কষ্ট থেকে মুক্তি মিলল কলকাতাতেই। ঢাকুরিয়ার মনিপাল হাসপাতালে (Manipal Hospital, Dhakuria) ‘মিনিমালি ইনভেসিভ’ (minimally invasive) বা পেটে সামান্য ছিদ্র করে ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচারের মাধ্যমে জটিল ‘ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা’ বা ভিভিএফ (Vesicovaginal Fistula) সম্পূর্ণ সারিয়ে তুললেন চিকিৎসকেরা।

ষোলো বছরের দুর্ভোগ

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে জরায়ু বাদ দেওয়ার অস্ত্রোপচারের পর থেকেই ‘ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা’য় আক্রান্ত হন গীতা পাল (নাম পরিবর্তিত)। এই রোগে মূত্রাশয় (urinary bladder) এবং যোনিপথের (vagina) মধ্যে একটি অস্বাভাবিক সংযোগ তৈরি হয়ে যায়, যার ফলে রোগীর অজান্তেই অনবরত প্রস্রাব ঝরতে থাকে। এই শারীরিক জটিলতা এবং তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে পর্যাপ্ত সচেতনতা না থাকায় শুরুতে দিশেহারা হয়ে পড়েছিল ওই মহিলার পরিবার।

সমস্যা মেটাতে ২০১১ সালে কলকাতায় প্রথম বার তাঁর ‘ওপেন অ্যাবডোমিনাল সার্জারি’ (open abdominal surgery) করা হয়। কিন্তু সেই অস্ত্রোপচার সফল হয়নি এবং মাত্র ১৫ থেকে ২০ দিনের মধ্যেই ফিস্টুলাটি ফের দেখা দেয়। স্থায়ী সমাধানের আশায় ২০১৩ সালে তিনি চেন্নাইয়ে পাড়ি দেন। সেখানে একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালে আধুনিক রোবোটিক সার্জারির (robotic surgery) মাধ্যমে দ্বিতীয় বার ফিস্টুলা মেরামতের চেষ্টা হয়। দুর্ভাগ্যজনক ভাবে সেই অস্ত্রোপচারের এক সপ্তাহের মধ্যেই সমস্যাটি আবার ফিরে আসে।

বারবার অস্ত্রোপচার ব্যর্থ হওয়ায় বড় অপারেশনের ওপর থেকে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেন ওই মহিলা। এক দিকে অনবরত প্রস্রাবের শারীরিক অস্বস্তি, অন্য দিকে ঘন ঘন সংক্রমণ রুখতে লাগাতার অ্যান্টিবায়োটিক (antibiotics) খাওয়ার ধকল, সব মিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে তাঁর রোজকার জীবন। এই সমস্যার জেরে তাঁর দাম্পত্য জীবনও পুরোপুরি ভেঙে পড়ে। তবু সংসারের কাজকর্ম চালিয়ে যাওয়ার পাশাপাশি কার্যত অসহায় হয়েই রোগটি নিয়ে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

তৃতীয় চেষ্টায় সাফল্য

দীর্ঘ সময় ধরে এই যন্ত্রণা সহ্য করার পর সম্প্রতি ফের একবার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য ঢাকুরিয়ার মনিপাল হাসপাতালে আনা হয় তাঁকে। সেখানকার কনসালট্যান্ট ইউরোলজিস্ট (Consultant Urologist) ডা. বাস্তব ঘোষের (Dr. Bastab Ghosh) তত্ত্বাবধানে শুরু হয় বিশদ মূল্যায়ন। এর আগে দু’বার অস্ত্রোপচার ব্যর্থ হওয়ায় বিষয়টি অত্যন্ত জটিল ছিল। তাই সরাসরি অস্ত্রোপচারে না গিয়ে প্রথমে সিটি স্ক্যান (CT scan), সিস্টোস্কোপি (cystoscopy) এবং প্রয়োজনীয় রক্তপরীক্ষা করে ফিস্টুলাটির সঠিক অবস্থান ও অভ্যন্তরীণ গঠন খতিয়ে দেখেন চিকিৎসকেরা।

Dr. Bastab Ghosh, Senior Consultant Urologist and Uro-Onco-Surgeon, Manipal Hospitals, Dhakuria, Kolkata
Dr. Bastab Ghosh, Senior Consultant Urologist and Uro-Onco-Surgeon, Manipal Hospitals, Dhakuria, Kolkata

রোগীর অতীত অস্ত্রোপচারের ইতিহাস এবং আক্রান্ত কোষগুলির অবস্থা বিচার করে চিকিৎসক দল ল্যাপারোস্কোপিক রিপেয়ার (laparoscopic repair) করার সিদ্ধান্ত নেন। এই আধুনিক ‘মিনিমালি ইনভেসিভ’ পদ্ধতিতে পেট চিরে বড় কাটাছেঁড়া না করে সামান্য কয়েকটি ছিদ্রের মাধ্যমে বিশেষ যন্ত্রপাতি ও ক্যামেরা ঢুকিয়ে ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করা হয়। অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য প্রায় আট দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

এক মাস পরের ফলো-আপ পরীক্ষায় দেখা গিয়েছে, ওই মহিলার বারবা প্রস্রাবের সমস্যা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এবং তাঁর মূত্রত্যাগের প্রক্রিয়া একদম স্বাভাবিক হয়ে উঠেছে। দীর্ঘ ১৬ বছর পর স্বাভাবিক ছন্দে ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি এবং তাঁর পরিবারের সদস্যেরা।

রোগ লুকিয়ে রাখবেন না

স্ত্রীরোগ সংক্রান্ত অস্ত্রোপচারের পর অনেক মহিলাই এ ধরনের সমস্যায় ভুগে থাকেন, কিন্তু লজ্জা বা অজ্ঞতার কারণে তা চেপে যান। ডা. বাস্তব ঘোষ জানান, ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা এক মহিলার শারীরিক স্বস্তি, আত্মসম্মান এবং মানসিক সুস্থতার ওপর গভীর প্রভাব ফেলে। অনবরত প্রস্রাব এবং বারবার সংক্রমণের ফলে দৈনন্দিন কাজকর্ম যেমন ব্যাহত হয়, তেমনই সামাজিক অস্বস্তি, মানসিক অবসাদ এবং যৌন জীবনেও বিপর্যয় নেমে আসে।

তিনি ব্যাখ্যা করে বলেন, যাঁদের আগে একাধিক বার অস্ত্রোপচার ব্যর্থ হয়েছে, তাঁদের ক্ষেত্রে চিকিৎসা আরও জটিল হয়ে ওঠে। কারণ আগের অস্ত্রোপচারগুলির জেরে ওই অংশের টিস্যুতে ক্ষতচিহ্ন বা স্কারিং (tissue scarring) তৈরি হয় এবং শরীরের স্বাভাবিক গঠন অনেকটাই বদলে যায়। সেই সমস্ত দিক খতিয়ে দেখেই ল্যাপারোস্কোপিক পদ্ধতি বেছে নেওয়া হয়েছিল। চিকিৎসকদের বার্তা, স্ত্রীরোগের অস্ত্রোপচারের পর দীর্ঘ দিন ধরে অনিয়ন্ত্রিত প্রস্রাবের সমস্যা হলে তাকে অনিবার্য পরিণতি ভেবে মেনে নেওয়া উচিত নয়। ভিভিএফ সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ। ফিস্টুলার আকার, অবস্থান এবং রোগীর ইতিহাস বিচার করে সঠিক সময়ে বিশেষজ্ঞের পরামর্শ নিলে অধিকাংশ ক্ষেত্রেই ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব।